“ফিরে দেখা” —মেদিনীপুর কলেজের প্রাক্তন শিক্ষক ও শিক্ষা কর্মীদের ৪র্থ মিলনসভা!

“ফিরে দেখা” —মেদিনীপুর কলেজের প্রাক্তন শিক্ষক ও শিক্ষা কর্মীদের ৪র্থ মিলনসভা!

নিজস্ব সংবাদদাতা: পুরনো দিনের স্মৃতি, সহকর্মীদের সঙ্গে ফের দেখা এবং প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে নতুন করে সম্পর্কের বন্ধন—এই আবেগকে কেন্দ্র করেই মেদিনীপুর কলেজে অনুষ্ঠিত হল প্রাক্তন শিক্ষক ও শিক্ষা কর্মীদের চতুর্থ মিলনসভা ‘ফিরে দেখা’।২০২৩ সালে প্রথমবার এই মিলনসভার সূচনা হয়। সেই ধারাবাহিকতা বজায় রেখে এ বছরও প্রাক্তন শিক্ষক ও শিক্ষা কর্মীদের নিয়ে মিলনসভায় জমে ওঠে স্মৃতিচারণ ও পারস্পরিক আলাপচারিতা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেদিনীপুর কলেজের অধ্যক্ষ ড. অসিত পণ্ডা। উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রবীর চক্রবর্তী ও ড. গোপাল চন্দ্র বেরা-সহ কলেজের বহু প্রাক্তন শিক্ষক ও শিক্ষা কর্মী।

অনুষ্ঠানে কলেজের প্রাক্তন শিক্ষকদের মধ্যে অধ্যাপক কুমারেশ ঘোষ, অধ্যাপক অমলেন্দু মাইতি, অধ্যাপক বিশ্বনাথ দে, অধ্যাপক দেবব্রত চক্রবর্তী এবং অধ্যাপক প্রদ্যুৎ কুমার গিরি-কে বিশেষ সংবর্ধনা জানানো হয়।

একইভাবে প্রাক্তন শিক্ষা কর্মীদের মধ্যে সুবীর কুমার সোম, বিষ্ণুপদ সার, শিবপ্রসাদ মণ্ডল, দুর্গা দাস রায় এবং তারাপদ ভূঁইয়া-কে বিশেষভাবে সম্মানিত করা হয়।সংবর্ধনা পর্বের পাশাপাশি অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষক ও শিক্ষা কর্মীদের সঙ্গে কলেজের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে মতবিনিময় হয়। তাঁদের দীর্ঘ অভিজ্ঞতা ও মূল্যবান পরামর্শকে কলেজের অগ্রগতির ক্ষেত্রে কাজে লাগানোর উপর গুরুত্ব দেওয়া হয়।অধ্যক্ষ ড. অসিত পণ্ডা উপস্থিত প্রাক্তন শিক্ষক ও শিক্ষা কর্মীদের উদ্দেশে কলেজের বিভিন্ন কাজ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁদের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। কলেজের সার্বিক উন্নয়নের স্বার্থে আগামী দিনেও তাঁরা যেন সক্রিয়ভাবে পাশে থাকেন, সেই আহ্বান জানান তিনি।প্রাক্তন শিক্ষক ও শিক্ষা কর্মীদের সঙ্গে বর্তমান কলেজ পরিবারের এই মিলন শুধু অতীতকে ফিরে দেখার সুযোগ নয়, বরং তাঁদের অভিজ্ঞতা ও পরামর্শকে সঙ্গে নিয়ে আগামী দিনের মেদিনীপুর কলেজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার এক আন্তরিক উদ্যোগ বলেই মনে করছেন উপস্থিত সকলে।