চন্দ্রকোনা রোডে সিপিএম পার্টি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ, উত্তেজনা!
সেখ ওয়ারেশ আলী : পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে সিপিএমের পার্টি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল এলাকায়। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে সিপিএমের একটি মিছিলকে ঘিরে এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। মিছিলে হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।

তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।এর কিছুক্ষণের মধ্যেই চন্দ্রকোনা রোডে সিপিএমের পার্টি অফিসে ভাঙচুর এবং আগুন লাগানোর অভিযোগ সামনে আসে। ঘটনায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।পার্টি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।