বিডিওকে হেনস্থার অভিযোগ, শালবনীতে গ্রেপ্তার ‘তারকাটা টিংকু’

বিডিওকে হেনস্থার অভিযোগ, শালবনীতে গ্রেপ্তার ‘তারকাটা টিংকু’

নিজস্ব সংবাদদাতা :সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত ভিডিও পোস্ট করে ইতিমধ্যেই আলোচনায় এসেছিলেন শালবনীর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কার্তিক মাহাতো ওরফে ‘তারকাটা টিংকু’। এবার সরকারি আধিকারিককে হুমকি দেওয়া এবং গাড়ি আটকে হেনস্থার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করল শালবনী থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে সমাজমাধ্যমে সদ্য নির্বাচিত বিধায়কদের উদ্দেশে অশ্লীল ভাষায় গালিগালাজ করার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এরপরই কার্তিক মাহাতোর বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসে বলে জানা যায়। সম্প্রতি শালবনীর বিডিও স্বর্ণাভ হালদারকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে বিডিও লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগের ভিত্তিতে শালবনী থানার পুলিশ কার্তিক মাহাতোকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১২৬(২), ১৩২ এবং ৩৫১ ধারায় মামলা রুজু করা হয়েছে। তাঁকে মেদিনীপুর আদালতে পেশ করা হয়।আদালতে তোলা হলে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। ২৬ সেপ্টেম্বর ফের তাঁকে আদালতে তোলা হবে। সরকারপক্ষের আইনজীবী অভিষেক দাস মজুমদার আদালতে দাবি করেন, শালবনী থানার বিডিওকে রাতের অন্ধকারে ঘিরে হেনস্থা করার অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। তাঁর হাতে একটি স্টিক থাকায় মারধরের ভয় দেখানোর অভিযোগও রয়েছে বলে জানান তিনি। অন্যদিকে, আদালতে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কার্তিক মাহাতো নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। তাঁকে শালবনী থানা থেকে গাড়িতে তোলার সময় বলতে শোনা যায়, “দেখি আসামিরা কেমন খায়-দায়।” স্থানীয় সূত্রে জানা যায়, কার্তিক মাহাতো এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। রাজ্যে পালাবদলের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে তিনি পরিচিতি পান। তবে সাম্প্রতিক সময়ে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসায় বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে চর্চা শুরু হয়েছে।ঘটনা নিয়ে ক্যামেরার সামনে কোনও মন্তব্য করতে চাননি শালবনীর বিডিও স্বর্ণাভ হালদার।