রক্তের সংকট মেটাতে এবার আরও জোরদার আন্দোলন,কেশিয়াড়িতে রক্তযোদ্ধাদের বড় সম্মেলন!

রক্তের সংকট মেটাতে এবার আরও জোরদার আন্দোলন,কেশিয়াড়িতে রক্তযোদ্ধাদের বড় সম্মেলন!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লকে রক্তদান আন্দোলনকে আরও শক্তিশালী, গতিশীল ও সংগঠিত করার লক্ষ্যে বিশেষ কনভেনশনের আয়োজন করল মেদিনীপুর জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কেশিয়াড়ি ব্লক ইউনিট।২৯ আগস্ট কেশিয়াড়ির মণিমাধব লজে অনুষ্ঠিত এই কনভেনশনে ব্লকের বিশিষ্ট রক্তযোদ্ধা এবং আটটি প্রথমসারির ক্লাব সংগঠনের প্রতিনিধিত্বকারী বিশিষ্ট নাগরিকরা অংশগ্রহণ করেন। রক্তের চাহিদা পূরণ, নিয়মিত রক্তদান শিবিরের সংখ্যা বৃদ্ধি এবং সমাজের সর্বস্তরের মানুষকে রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত করার বিভিন্ন দিক নিয়ে সভায় আলোচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অসীম ধর, ডেপুটি সেক্রেটারি মৃত্যুঞ্জয় সামন্ত, কেশিয়াড়ি ব্লক ইউনিটের সভাপতি সুরজিৎ বারিক-সহ মনীশ সাহু, সুধাংশু চিংড়ি, তপন সাহু, প্রিয়দর্শী মুখার্জি, দেবাশীষ দে, প্রদীপ শাসমল, ব্রজকিশোর পড়িয়া প্রমুখ।আয়োজকদের বক্তব্য, সারা বছর নিরবচ্ছিন্নভাবে রক্তের চাহিদার ১০০ শতাংশ জোগান নিশ্চিত করতে হলে সমাজের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে রক্তদান শিবিরের সংখ্যা বাড়াতে হবে। সেই লক্ষ্যেই কনভেনশনের মাধ্যমে আগামী দিনের কর্মসূচি ও পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে।ফোরামের পক্ষ থেকে জানানো হয়, ২০২৮ সালের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে জেলার প্রতিটি ব্লক ও পৌরসভা এলাকায় রক্তদান আন্দোলনকে আরও বিস্তৃত করার জন্য ধারাবাহিকভাবে কাজ চলছে। ক্যালেন্ডার অনুযায়ী সারা বছর রক্তদান শিবির আয়োজন এবং আরও বেশি সংখ্যক স্বেচ্ছায় রক্তদাতাকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত করাই তাঁদের অন্যতম প্রধান লক্ষ্য।