শালবনি জমি মামলায় বড় পদক্ষেপ, সুমিত রায়কে গ্রেফতার করল CID,শুক্রবার মেদিনীপুর আদালতে তোলার সম্ভাবনা?

শালবনি জমি মামলায় বড় পদক্ষেপ, সুমিত রায়কে গ্রেফতার করল CID,শুক্রবার মেদিনীপুর আদালতে তোলার সম্ভাবনা?

সেখ ওয়ারেশ আলী : শালবনি জমি দুর্নীতি মামলায় বড়সড় মোড়। সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন এবং রক্ষাকবচ খারিজ হওয়ার পরই গ্রেফতার করা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক হিসেবে পরিচিত সুমিত রায়কে।বৃহস্পতিবার দুপুরে কলকাতার কালীঘাটে ১২১ নম্বর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে রাজ্য পুলিশের সিআইডি। সুপ্রিম কোর্টের রায় প্রকাশ্যে আসার পরই বিশাল পুলিশ বাহিনী নিয়ে সেখানে পৌঁছন তদন্তকারীরা। গ্রেফতারের পর সুমিত রায়কে ভবানী ভবনে নিয়ে যাওয়া হয়। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় সিআইডি।

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, শুক্রবার সুমিত রায়কে মেদিনীপুর আদালতে হাজির করা হতে পারে। তদন্তের স্বার্থে তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে সিআইডি।এই মামলায় সুমিত রায়ের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলেছিল রাজ্য। তদন্তকারীদের দাবি, তাঁর একটি অ্যাকাউন্টে জুন মাসে প্রায় ৭১ লক্ষ টাকা জমা পড়েছিল। পাশাপাশি, ওই অ্যাকাউন্টে মোট প্রায় ১৫ কোটি টাকার লেনদেনের হদিশ মিলেছে বলেও আদালতে দাবি করা হয়েছে। বিপুল অঙ্কের এই অর্থের উৎস কী, তা নিয়েও তদন্ত শুরু করেছে সিআইডি।

শালবনি জমি দুর্নীতি মামলায় এর আগে প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে গ্রেফতার করা হয়েছে। সেই তদন্তের সূত্র ধরেই সুমিত রায়ের নাম সামনে আসে বলে দাবি তদন্তকারী সংস্থার।মামলায় সরকারি জমির চরিত্র পরিবর্তন, ভুয়ো নথি তৈরি এবং জমি বিক্রির মাধ্যমে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। সুমিত রায়ের গ্রেফতারের পর তদন্তে নতুন কোনও তথ্য সামনে আসে কি না, পাশাপাশি এই ঘটনায় আরও কার কার নাম উঠে আসে, এখন সেদিকেই নজর তদন্তকারীদের।