মানবতার টানে রক্তদান, চন্দ্রকোনারোডে ৩৮ জনের স্বেচ্ছায় জীবন বাঁচানোর অঙ্গীকার!

মানবতার টানে রক্তদান, চন্দ্রকোনারোডে ৩৮ জনের স্বেচ্ছায় জীবন বাঁচানোর অঙ্গীকার!

অভিজিৎ সাহা : রক্তের সংকট মোকাবিলা এবং ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা পূরণের লক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল চন্দ্রকোনারোড অগ্রগামী অ্যাথলেটিক ক্লাব। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোডে ক্লাব প্রাঙ্গণে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।চন্দ্রকোনারোড অগ্রগামী অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে এবং মেদিনীপুর ব্লাড ব্যাংকের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। প্রায় ৩৮ জন স্বেচ্ছায় রক্তদান করেন। দিনভর ক্লাব প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ।রক্তদাতাদের এই মানবিক উদ্যোগকে সমাজসেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন উদ্যোক্তারা।

তাঁদের মতে, রক্তের কোনও বিকল্প নেই। জরুরি পরিস্থিতিতে একজন রক্তদাতার রক্ত একাধিক মানুষের জীবন বাঁচাতে সহায়ক হতে পারে। সেই লক্ষ্যেই সাধারণ মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান মাহাতো, জয়েন্ট বিডিও সন্দীপ ভৌমিক, চন্দ্রকোনারোড বিট হাউসের আইসি অনুপ ভট্টাচার্য, ক্লাবের সম্পাদক প্রণব ঘোষ, সভাপতি কার্তিক দাস, বলাই গণ, সঞ্জয় সরকার-সহ অন্যান্য সমাজসেবী ও ক্লাব সদস্যরা।উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের প্রতি দায়বদ্ধতার কথা মাথায় রেখে আগামী দিনেও এ ধরনের বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন ধারাবাহিকভাবে করা হবে।