জাতি-ধর্ম-বর্ণের ঊর্ধ্বে রাখির বন্ধন, চন্দ্রকোনায় সম্প্রীতির অনন্য বার্তা!

জাতি-ধর্ম-বর্ণের ঊর্ধ্বে রাখির বন্ধন, চন্দ্রকোনায় সম্প্রীতির অনন্য বার্তা!

সুমন মন্ডল : জাতি, ধর্ম ও বর্ণের ভেদাভেদ ভুলে রাখির সুতোয় বাঁধা পড়লেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। স্বামী বিবেকানন্দ সেবা সংঘের উদ্যোগে চন্দ্রকোনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো রাখীবন্ধন উৎসব। একে অপরের হাতে রাখি পরিয়ে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন উপস্থিত সকলে।রাখীবন্ধন উৎসবকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয় সৌহার্দ্য ও মিলনমেলার পরিবেশ। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে বৈচিত্র্যের মধ্যেও ঐক্যের এক সুন্দর ছবি ফুটে ওঠে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সুকান্ত দোলই, স্বামী বিবেকানন্দ সেবা সংঘের সভাপতি সমীর কুমার ঘোষ-সহ এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তি।এই উপলক্ষে বিধায়ক সুকান্ত দোলই বলেন, “পবিত্র এই উৎসবের দিনে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে আমরা রাখির বন্ধনে আবদ্ধ হলাম। পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও নিবিড় হোক। আমরা সকলে যেন একসঙ্গে মিলেমিশে থাকতে পারি।”পাশাপাশি তিনি চন্দ্রকোনা বিধানসভা এলাকার সকল মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।অন্যদিকে, স্বামী বিবেকানন্দ সেবা সংঘের সভাপতি সমীর কুমার ঘোষ জানান, সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বার্তা পৌঁছে দিতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের হাতে রাখি পরিয়ে পারস্পরিক মেলবন্ধন গড়ে তোলার মধ্য দিয়ে পালিত হয়েছে মহামিলনের এই উৎসব।তাঁর কথায়, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও ভালোবাসার এই বন্ধন আগামী দিনেও আরও শক্তিশালী হবে। রাখির পবিত্র সুতোয় বাঁধা এই বার্তাই হোক সমাজে ঐক্য ও মানবতার নতুন অঙ্গীকার।