অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

অষ্টম-নবম শ্রেণিতেই বাজিমাত! NASA-র আন্তর্জাতিক প্রতিযোগিতায় দ্বিতীয় হল হলদিয়ার পাঁচ খুদে বিজ্ঞানী!

অষ্টম-নবম শ্রেণিতেই বাজিমাত! NASA-র আন্তর্জাতিক প্রতিযোগিতায় দ্বিতীয় হল হলদিয়ার পাঁচ খুদে বিজ্ঞানী!

নিজস্ব সংবাদদাতা : মেধা, উদ্ভাবনী শক্তি ও বৈজ্ঞানিক চিন্তাভাবনার কাছে বয়স যে কোনও বাধা নয়, তা প্রমাণ করল হলদিয়ার এপিজে স্কুলের (Apeejay School Haldia) পড়ুয়ারা। আন্তর্জাতিক স্তরের বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিযোগিতা ‘NASA Space Apps Challenge 2026’-এ রাজ্যের নামী ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়াদের পিছনে ফেলে দ্বিতীয় স্থান অর্জন করল অষ্টম ও নবম শ্রেণির পাঁচ ছাত্রছাত্রী।গত 14 ও 15 নভেম্বর হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (HIT) অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় কলকাতার হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, সুধীর রঞ্জন সুর ইনস্টিটিউট, JIS Group-সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 500 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার অন্যতম কনিষ্ঠ দল হয়েও নজরকাড়া সাফল্য অর্জন করে এপিজে স্কুলের ‘টিম এপিজিয়ানস’ (Team Apeejians)।দলের পাঁচ সদস্য অর্কনাথ, স্বরলীনা দাস, অনন্যব্রত চক্রবর্তী, পূরব পাল ও স্বরাজ মাইতি ‘লুনার ল্যান্ডিং সাইট নেভিগেটর’ বিভাগে ‘অ্যাস্ট্রালুন’ (ASTRALUNE) নামে একটি আধুনিক মিশন-প্ল্যানিং সিমুলেটর তৈরি করে।চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান অবতরণের নিরাপদ স্থান নির্ধারণ করাই এই সিমুলেটরের মূল উদ্দেশ্য। ভূমির ঢাল, সূর্যালোক, তাপমাত্রা, যোগাযোগ ব্যবস্থা এবং চির-অন্ধকারাচ্ছন্ন অঞ্চলের মতো গুরুত্বপূর্ণ বিষয় বিশ্লেষণ করে এটি সম্ভাব্য অবতরণস্থল চিহ্নিত করতে পারে।খুদে পড়ুয়াদের এই উদ্ভাবনী চিন্তাভাবনা ও উপস্থাপনা বিচারকদের প্রশংসা কুড়িয়েছে। তাদের এই সাফল্যে গর্বিত বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকা, মেন্টর ও অভিভাবকরা।