শৈশবের দুষ্টুমি থেকে জীবনের শিক্ষা—খুদেদের সঙ্গে স্মৃতির ঝুলি খুলে শিশির অধিকারী
কোলাঘাটে শিশু দিবসের অনুষ্ঠানে নিজের ছোটবেলার নানা অজানা গল্প শোনালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী। শিশুদের দিলেন বাবা-মায়ের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের শ্রদ্ধা করার বার্তা।
নিজস্ব সংবাদদাতা : শনিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে শিশু দিবসের এক অনুষ্ঠানে যোগ দিয়ে যেন ফিরে গেলেন নিজের শৈশবে। কোনও রাখঢাক না করেই খুদেদের সামনে খুলে ধরলেন ছোটবেলার স্মৃতির ঝুলি। দুষ্টুমি, খেলাধুলা, বন্ধুদের সঙ্গে দুরন্তপনা থেকে শুরু করে জীবনের নানা অভিজ্ঞতা—সবই উঠে এল তাঁর কথায়। আর সেই স্মৃতিচারণের মধ্য দিয়েই শিশুদের উদ্দেশে দিলেন এক মূল্যবান বার্তা—বড় হতে গেলে বাবা-মায়ের পাশাপাশি শ্রদ্ধা করতে হবে শিক্ষক-শিক্ষিকাদেরও।ছোটবেলায় লেখাপড়ার প্রতি বিশেষ আগ্রহ ছিল না তাঁর। বরং বন্ধুদের সঙ্গে গাছে ওঠা, দৌড়ঝাঁপ, ডুবসাঁতার কিংবা শিক্ষকদের উত্ত্যক্ত করতেই বেশি ভালো লাগত। দুষ্টুমির তালিকাও ছিল বেশ দীর্ঘ। একবার এক শিক্ষক তাঁকে শিক্ষা দিতে রীতিমতো দৌড় প্রতিযোগিতায় নামতে বাধ্য করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই শিক্ষককেই দৌড়ে হারিয়ে দিয়েছিলেন তাঁর এই দুরন্ত ছাত্র।তবে জীবনের সেই দুরন্ত শৈশবেই এক কঠিন অসুখের মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। হাঁপানিতে আক্রান্ত হয়ে পড়েছিলেন তিনি। স্থানীয় চিকিৎসকদের কাছে চিকিৎসা করিয়েও বিশেষ লাভ হচ্ছিল না। এমন সময় তৎকালীন মুখ্যমন্ত্রী ড. বিধানচন্দ্র রায় মেদিনীপুরে আসেন। খবর পেয়ে বাবা কেনারাম অধিকারী ছেলেকে নিয়ে সরাসরি তাঁর কাছে পৌঁছে যান।ছোট্ট ছেলেটির দুষ্টুমির গল্প শুনে ড. বিধানচন্দ্র রায় পরামর্শ দিয়েছিলেন, বাকি সব দুষ্টুমি বন্ধ, শুধু ডুবসাঁতার চালিয়ে যেতে হবে। শিশির অধিকারীর কথায়, সেই পরামর্শই যেন ম্যাজিকের মতো কাজ করেছিল। হাসতে হাসতে তিনি বলেন, “জানেন, ওই ডুবসাঁতারই ম্যাজিকের মতো কাজ করেছিল। জন্মের মতো হাঁপানি সেরে গিয়েছে।”সেই একসময়ের দুরন্ত বালকই আজ 86 বছর বয়সে পৌঁছেও জীবনের নানা অভিজ্ঞতা ও স্মৃতি নিয়ে সমানভাবে সরব। তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী। স্বাধীনতা সংগ্রামী পরিবারের সন্তান শিশির অধিকারীর রাজনৈতিক জীবন শুরু হয় 1962 সালে। গ্রাম পঞ্চায়েত সদস্য হিসেবে পথচলা শুরু করে পরবর্তীতে পুরসভার চেয়ারম্যান, বিধায়ক, সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। ছয় দশকেরও বেশি সময় ধরে পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।বর্তমানে বয়সজনিত কারণে নির্বাচনী রাজনীতিতে আগের মতো সক্রিয় না থাকলেও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে তাঁর উপস্থিতি চোখে পড়ে। পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার নিয়েও শিশুদের সামনে নিজের ভাবনা তুলে ধরেন তিনি।ছেলে শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনে শিশিরবাবু বলেন, ছেলেকেও ছোটবেলা থেকে আদর্শ ও নীতির শিক্ষায় বড় করেছেন। তাঁর কথায়, শুভেন্দু অজয় মুখোপাধ্যায় ও সতীশ সামন্তের আদর্শে অনুপ্রাণিত। কোনও কৌশল বা ছলচাতুরির আশ্রয় না নিয়ে নিজের যোগ্যতায় জয়ী হওয়ার শিক্ষাই তিনি ছেলেকে দিয়েছেন।শিশুদের উদ্দেশে তাঁর শেষ বার্তাটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, “ছোটবেলায় অনেক দুষ্টুমি করেছি। কিন্তু বড় হয়ে বুঝেছি, মা-বাবার পরে শিক্ষক-শিক্ষিকারাই আমাদের আসল অভিভাবক।” পূর্ব মেদিনীপুরের শিক্ষার ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, এই জেলার শিক্ষকদের তুলনা হয় না। তাই প্রত্যেক শিশুর উচিত শিক্ষক-শিক্ষিকাদের যথাযথ সম্মান ও শ্রদ্ধা করা।শৈশবের দুষ্টুমি, অসুস্থতাকে জয় করার অভিজ্ঞতা এবং দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা অধ্যায়ের মধ্য দিয়ে শিশুদের সামনে এক অন্য শিশির অধিকারীকে তুলে ধরল কোলাঘাটের এই অনুষ্ঠান।
সম্পর্কিত খবর
পূর্ব মেদিনীপুর
অষ্টম-নবম শ্রেণিতেই বাজিমাত! NASA-র আন্তর্জাতিক প্রতিযোগিতায় দ্বিতীয় হল হলদিয়ার পাঁচ খুদে বিজ্ঞানী!
পূর্ব মেদিনীপুর
মুখ্যমন্ত্রীর নাম ব্যবহার করে 6 কোটি টাকা প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার বিজেপি নেতা!
পূর্ব মেদিনীপুর