শৈশবের সৃজনশীলতায় 25 বছরের সঙ্গী ‘দুষ্টু’, মেদিনীপুরে জমজমাট সাহিত্য-সংস্কৃতির আসর
অপূর্ব মজুমদার : শিশু ও কিশোর মনের সৃজনশীলতা, সাহিত্যচর্চা এবং সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে দীর্ঘ 25 বছর ধরে নিরলসভাবে পথ চলেছে মালঞ্চ, খড়্গপুর থেকে প্রকাশিত শিশু-কিশোরদের পত্রিকা ‘দুষ্টু’। যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পত্রিকাটির রজতজয়ন্তী উদযাপিত হলো মেদিনীপুরের বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন জেলা এবং ঝাড়খণ্ডের প্রায় 150 জনেরও বেশি কবি, সাহিত্যিক, সংস্কৃতিপ্রেমী ও বিশিষ্ট ব্যক্তিত্ব।

অনুষ্ঠানের সূচনা হয় অতিথিদের সম্মিলিত প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে। প্রদীপ প্রজ্জ্বলন করেন কেশিয়াড়ির বিধায়ক ভদ্রা হেমব্রম, বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন তেওয়ারি, দেবাশীষ দাস, ইয়াসিন পাঠান, মনোজ দে, দীপক কুমার দাশগুপ্ত, ভবেশ বসু, সুনীল মাঝি, শচীন্দ্রনাথ মিশ্র, দেবাশীষ খাটুয়া, সুমন দাস,নিমাই সিং,দেবব্রত চট্টোপাধ্যায়-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সৌমেন তেওয়ারি বলেন, প্রত্যন্ত অঞ্চল থেকে শিশু ও কিশোরদের জন্য একটি পত্রিকা টানা 25 বছর ধরে প্রকাশিত হয়ে আসা অত্যন্ত গর্বের বিষয়। তিনি ‘দুষ্টু’র সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন।

পাশাপাশি মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারে শিশুদের শৈশব ও স্বাভাবিক বেড়ে ওঠা ব্যাহত হওয়ার বিষয়টি তুলে ধরে এ নিয়ে সচেতনতামূলক শিবির আয়োজনের পরামর্শ দেন। এ ধরনের উদ্যোগে সবরকম সহযোগিতার আশ্বাসও দেন তিনি। বিধায়ক ভদ্রা হেমব্রম পত্রিকার পরিচালক মণ্ডলীর দীর্ঘদিনের প্রচেষ্টা ও নিষ্ঠার প্রশংসা করেন।রজতজয়ন্তী উপলক্ষে প্রকাশিত হয় ‘দুষ্টু’র দুটি বিশেষ উৎসব সংখ্যা। একটি ছড়া ও কবিতাকে কেন্দ্র করে, অন্যটি গল্প ও প্রবন্ধ নিয়ে। সম্পাদনার দায়িত্বে ছিলেন সুভাষ চন্দ্র বসু, কাঞ্চন দে, সঞ্চিতা শিকদার, প্রবীর কুমার পাল-সহ একাধিক বিশিষ্ট সাহিত্যিক।

পাশাপাশি এদিন একাধিক কবি ও লেখকের একক গ্রন্থও প্রকাশিত হয়।সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধনে দিনভর আয়োজিত হয় কবি সম্মেলন, কবিতা পাঠ, নৃত্য ও সংগীত পরিবেশনা। বিভিন্ন জেলা থেকে আগত কবি-সাহিত্যিকরা তাঁদের স্বরচিত কবিতা পাঠ করেন। কবিতা পাঠে অংশ নেন দেবাশীষ খাটুয়া, মুকুল পাল, সৌমেন্দ্রনাথ মাহাতো-সহ অনেকে। বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে নিমাই সিং মুন্ডারি ভাষায় গান পরিবেশন করেন। সংগীত পরিবেশন করেন শিক্ষিকা পম্পা পণ্ডিতও।

অনুষ্ঠানের বিভিন্ন বিভাগে বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত কবি ও সাহিত্যিকদের সম্মাননা প্রদান করা হয়।পত্রিকার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত বিশিষ্ট ব্যক্তিদের স্মারক, মানপত্র ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয়। সমাজসেবী দীপক কুমার দাশগুপ্ত বলেন, “গত 25 বছর ধরে দুষ্টুর সঙ্গে রয়েছি। সুভাষ চন্দ্র বসু অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে এই পত্রিকা প্রকাশ করে চলেছেন। আগামী দিনেও আমরা দুষ্টুর পাশে রয়েছি।”

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপ্রিয়া কুণ্ডু, সুভাষ চন্দ্র বসু-সহ অন্যান্যরা। পত্রিকার সম্পাদকীয় ও পরিচালনাগত উদ্যোগের সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানান, সাহিত্যচর্চার পাশাপাশি ‘দুষ্টু’ বিভিন্ন জেলায় দুঃস্থ ও অসহায় মানুষের হাতে বস্ত্র এবং পড়ুয়াদের মধ্যে পাঠ্যসামগ্রী তুলে দেওয়ার মতো সামাজিক কর্মকাণ্ডেও অংশ নিয়ে থাকে। আগামী দিনেও সকলের সহযোগিতা ও ভালোবাসাকে পাথেয় করে এই উদ্যোগ এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।শিশু-কিশোরদের সাহিত্যচর্চার একটি মঞ্চ হিসেবে 25 বছরের এই পথচলা শুধু একটি পত্রিকার সাফল্য নয়, বরং আঞ্চলিক সাহিত্য ও সংস্কৃতির বিকাশে এক উল্লেখযোগ্য অধ্যায়।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুরের গড়বেতার শিলাবতীর তীরে ছটপুজো ঘিরে জনজোয়ার, নজর কাড়ল প্রশাসনিক ও পরিষেবা ব্যবস্থা
পশ্চিম মেদিনীপুর
খড়গপুরের কৌশল্যা লাইনে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন, উপস্থিত রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ!
পশ্চিম মেদিনীপুর