চতুর্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান পড়ুয়াদের পাঠক্রম স্পষ্ট করতে বেলদা কলেজে বিশেষ কর্মশালা!
নিজস্ব সংবাদদাতা :বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং বেলদা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো NEP-2020 চতুর্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান সাম্মানিক স্তরের ছাত্রছাত্রীদের বিষয় পাঠক্রম সম্পর্কিত এক বিশেষ কর্মশালা। কর্মশালায় নতুন পাঠক্রম, বিষয়ভিত্তিক শিক্ষার দিকনির্দেশনা এবং ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বেলদা কলেজের গভর্নিং বডির সভাপতি তথা নারায়ণগড়ের বিধায়ক শ্রী রমাপ্রসাদ গিরি। তাঁর উপস্থিতিতে অনুষ্ঠানের গুরুত্ব আরও বৃদ্ধি পায়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ প্রদান করেন বেলদা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তুহিনকান্তি দাস। কর্মশালায় বক্তব্য রাখেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট আধিকারিক শ্রী দেবকুমার বিশ্বাস এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. ইয়াসিন খান।কর্মশালার উদ্দেশ্য এবং সামগ্রিক পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন বেলদা কলেজের অধ্যক্ষ ড.চন্দ্রশেখর হাজরা। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. শোভনলাল দত্ত গুপ্ত, শ্রী বিমল শঙ্কর নন্দ এবং শ্রী অপূর্ব মোহন মুখোপাধ্যায়।এই গুরুত্বপূর্ণ আলোচনা চক্রে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রায় ৪০ জন অধ্যাপক-অধ্যাপিকা এবং প্রায় ২০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। চতুর্থ বর্ষের সাম্মানিক স্তরের পাঠক্রমকে আরও সুস্পষ্টভাবে বোঝা এবং পাঠদানের ক্ষেত্রে সমন্বয় গড়ে তোলাই ছিল এই কর্মশালার অন্যতম প্রধান লক্ষ্য। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন অধ্যাপিকা সুচিতা সেন এবং ড. বাসুদেব দাস। আয়োজকদের মতে, এই ধরনের কর্মশালা ছাত্রছাত্রীদের নতুন পাঠক্রম সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়ার পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের মধ্যেও বিষয়ভিত্তিক মতবিনিময়ের একটি কার্যকর ক্ষেত্র তৈরি করবে। শিক্ষা ও পাঠক্রমের পরিবর্তিত প্রেক্ষাপটে বেলদা কলেজে আয়োজিত এই কর্মশালা বিশেষ তাৎপর্য বহন করছে।