শালবনী জমি মামলায় ফের তৎপর CID, ধৃত লিংকম্যানকে নিয়ে সুজয় হাজরার জমিতে তদন্ত!
সেখ ওয়ারেশ আলী : শালবনী জমি কেলেঙ্কারি মামলার তদন্তে ফের তৎপর হল সিআইডি। সোমবার শালবনীতে পৌঁছে ধৃত এক লিংকম্যানকে সঙ্গে নিয়ে সরেজমিনে তদন্ত চালান সিআইডির আধিকারিকরা।তদন্তকারীরা ধৃত লিংকম্যানকে সঙ্গে নিয়ে মামলায় অভিযুক্ত প্রাক্তন বিধায়ক সুজয় হাজরার জমির সামনে পৌঁছন।

সেখানে জমিটির অবস্থান, জমি কেনাবেচার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভূমিকা এবং মামলার সঙ্গে ওই জমির সম্ভাব্য যোগসূত্র-সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়।শালবনী জমি কেলেঙ্কারি মামলায় ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও গ্রেফতার করেছে সিআইডি। তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন তথ্য ও নাম সামনে আসছে বলে জানা গিয়েছে।

এবার ধৃত লিংকম্যানকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল সিআইডি।সুজয় হাজরার জমির সামনে তদন্তকারীদের উপস্থিতি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সরেজমিন তদন্তে কী তথ্য উঠে আসে এবং ওই জমির সঙ্গে মামলার যোগসূত্র কতটা, তা নিয়েই এখন নজর তদন্তকারীদের।