অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

শুভ খাটু শ্যাম জন্মোৎসব! ভক্তি, বিশ্বাস ও আত্মত্যাগের মহিমায় মুখরিত শ্যামধাম!

শুভ খাটু শ্যাম জন্মোৎসব! ভক্তি, বিশ্বাস ও আত্মত্যাগের মহিমায় মুখরিত শ্যামধাম!

নিজস্ব সংবাদদাতা: হারে কা সহারা, বাবা শ্যাম হামারা! ভক্তদের বিশ্বাসে, যাঁরা জীবনের কঠিন সময়ে দিশাহারা হয়ে পড়েন, তাঁদের আশ্রয় ও ভরসা বাবা খাটু শ্যাম। পবিত্র খাটু শ্যাম জন্মোৎসব উপলক্ষে দেশজুড়ে ভক্তদের মধ্যে দেখা যায় উৎসাহ ও ভক্তির আবহ। এই শুভ দিনে বাবা শ্যামের কাছে প্রার্থনা—সকলের জীবন সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গলময় হয়ে উঠুক। রাজস্থানের সিকর জেলার খাটু ধামে অবস্থিত বাবা খাটু শ্যামের মন্দির এই উৎসবের প্রধান কেন্দ্র।

বিশেষ এই দিনে মন্দির সাজানো হয় বাহারি ফুল ও আলোকসজ্জায়। সুগন্ধি দিয়ে বিগ্রহের বিশেষ স্নান, মনোরম শৃঙ্গার, পুজো-অর্চনা এবং নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত সমবেত হন শ্যামধামে। হাতে রঙিন নিশান বা ধর্মীয় পতাকা নিয়ে 'শ্যাম বাবা কি জয়' এবং 'খাটু নরেশ কি জয়' ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির চত্বর।

ভক্তরা বাবার উদ্দেশে নিবেদন করেন বিশেষ ভোগ। ক্ষীর, চুরমা, মাওয়া পেড়া-সহ বিভিন্ন মিষ্টান্ন ও প্রিয় প্রসাদ নিবেদনের রীতি রয়েছে। মন্দির সংলগ্ন এলাকা, হোটেল ও ধর্মশালাগুলিতেও চলে ভজন, কীর্তন, প্রার্থনা এবং ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন।

বারবারিক থেকে বাবা খাটু শ্যাম: এক আত্মত্যাগের কাহিনি

হিন্দু পৌরাণিক কাহিনি অনুসারে, বাবা খাটু শ্যাম আসলে মহাভারতের যুগের বীর বারবারিক। তিনি ছিলেন ভীমের পৌত্র এবং ঘটোৎকচের পুত্র। অসাধারণ শক্তির অধিকারী বারবারিক ছিলেন দেবী দুর্গার একনিষ্ঠ ভক্ত। কথিত আছে, দেবীর আশীর্বাদে তিনি তিনটি ঐশ্বরিক তীর লাভ করেছিলেন। এই তিন তীরের শক্তিতেই তিনি সমগ্র মহাভারতের যুদ্ধের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা রাখতেন।মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার আগে বারবারিক প্রতিজ্ঞা করেছিলেন, যুদ্ধে যে পক্ষ দুর্বল হয়ে পড়বে, তিনি সেই পক্ষের হয়েই যুদ্ধ করবেন। তাঁর এই প্রতিজ্ঞার পরিণতি সম্পর্কে অবগত ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ।

কারণ বারবারিক যুদ্ধে অংশ নিলে তাঁর পক্ষ পরিবর্তনের প্রতিজ্ঞার ফলে যুদ্ধের ভারসাম্য বারবার বদলে যেতে পারত।সেই পরিস্থিতিতে শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের ছদ্মবেশে বারবারিকের কাছে উপস্থিত হন এবং তাঁর কাছে দান হিসেবে মস্তক প্রার্থনা করেন। বারবারিক বুঝতে পারেন, এই ব্রাহ্মণ সাধারণ কেউ নন। নিজের প্রকৃত পরিচয় প্রকাশ করার অনুরোধ জানালে শ্রীকৃষ্ণ স্বরূপে আবির্ভূত হন। এরপর ভগবানের ইচ্ছায় বারবারিক স্বেচ্ছায় নিজের মস্তক দান করেন।বারবারিকের এই অসামান্য ত্যাগ ও ভক্তিতে সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ তাঁকে বর দেন, কলিযুগে তিনি 'শ্যাম' নামে পূজিত হবেন। সেই থেকেই ভক্তদের কাছে বারবারিক পরিচিত হন বাবা খাটু শ্যাম নামে। মস্তক দানের কারণে তাঁর আরেকটি নাম 'শিশ দানী'।

খাটু ধামে আবির্ভাব ও ভক্তদের বিশ্বাস

লোককথা অনুসারে, বারবারিকের মস্তক রাজস্থানের খাটু অঞ্চলে সংরক্ষিত বা সমাহিত হয়েছিল। পরবর্তীকালে একটি কুণ্ড থেকে সেই মস্তকের আবির্ভাব ঘটে বলে প্রচলিত বিশ্বাস। এরপর থেকেই খাটু ধামে বাবা শ্যামের পূজার প্রচলন শুরু হয় এবং ধীরে ধীরে এই স্থান দেশের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্রে পরিণত হয়।ভক্তদের বিশ্বাস, বাবা খাটু শ্যাম জীবনের প্রতিকূল পরিস্থিতিতে মানুষকে সাহস ও ভরসা জোগান। বিশেষত যাঁরা জীবনের লড়াইয়ে পরাজিত বা অসহায় বোধ করেন, তাঁদের কাছে তিনি আশ্রয়দাতা। তাই তাঁকে 'হারে কা সহারা' বলা হয়। তাঁর প্রতি অগাধ বিশ্বাস থেকেই অসংখ্য মানুষ প্রতিবছর খাটু ধামে ছুটে যান।

খাটু শ্যাম জন্মোৎসব কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ভক্তদের কাছে বিশ্বাস, আত্মত্যাগ, মানবিকতা ও ঐক্যের এক বিশেষ উপলক্ষ। বাবা শ্যামের জীবনকাহিনি ভক্তদের মনে দান, প্রতিজ্ঞা ও আত্মসমর্পণের আদর্শকে স্মরণ করিয়ে দেয়।শুভ খাটু শ্যাম জন্মোৎসব। বাবা শ্যামের কৃপায় সকলের জীবনে আসুক সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি। জয় শ্রী শ্যাম!