অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং খালের জল বাড়লেই থমকে যায় জনজীবন, কবে মিলবে পাকা সেতু?

পুলিশি অভিযানের আগে অভিযোগের সত্যতা যাচাই হোক,অমিত শাহকে চিঠি রাজ্যের চার্চ কর্তৃপক্ষের

পুলিশি অভিযানের আগে অভিযোগের সত্যতা যাচাই হোক,অমিত শাহকে চিঠি রাজ্যের চার্চ কর্তৃপক্ষের

নিজস্ব সংবাদদাতা : রাজ্যে ধর্মান্তরণ সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক তৈরি হয়েছে। পুলিশি অভিযান শুরু করার আগে অভিযোগগুলির নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্তের দাবি জানালেন রাজ্যের বিভিন্ন চার্চের প্রধান ও খ্রিস্টান সংগঠনের প্রতিনিধিরা। তাঁদের বক্তব্য, প্রার্থনা সভাকে ধর্মান্তরণের কর্মসূচি হিসেবে চিহ্নিত করা ঠিক নয়। নির্দিষ্ট অভিযোগ ও প্রমাণের ভিত্তিতেই প্রশাসনের পদক্ষেপ করা উচিত। শনিবার কলকাতার মণিপুর ভবনে কলকাতার সিএনআই বাদে রাজ্যের বিভিন্ন চার্চের ডায়াসেশনের প্রধান, মিশনারি স্কুলের শীর্ষকর্তা এবং বঙ্গীয় খ্রিস্টান পরিষেবার প্রতিনিধিরা এক জরুরি বৈঠকে বসেন। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল, সম্প্রতি বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের এক মিশনারি স্কুলের অধ্যক্ষের নেতৃত্বে রাজ্যে ধর্মান্তরণ চলছে বলে করা অভিযোগ এবং তার পরিপ্রেক্ষিতে সম্ভাব্য পুলিশি অভিযান।বৈঠকে ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়ের প্রতিনিধিরা রাজ্যের প্রায় এক হাজার চার্চ এবং 800টি মিশনারি স্কুলের পক্ষে একাধিক দাবি তুলে ধরেন।চার্চ কর্তৃপক্ষের অন্যতম দাবি, প্রার্থনা সভা মানেই ধর্মান্তরণের কর্মসূচি নয়। তাঁদের বক্তব্য, খ্রিস্টধর্ম গ্রহণ একটি দীর্ঘ ও সময়সাপেক্ষ প্রক্রিয়া। মাত্র এক ঘণ্টার প্রার্থনা সভার মাধ্যমে কাউকে খ্রিস্টান করা সম্ভব নয়। তাই শুধুমাত্র প্রার্থনা সভার ভিত্তিতে যেন পুলিশি অভিযান চালানো না হয়। কোনও নির্দিষ্ট অভিযোগ থাকলে আগে বিচারবিভাগীয় তদন্তের মাধ্যমে তার সত্যতা যাচাই করা হোক।পাশাপাশি, বিজেপির একাধিক শীর্ষ নেতার মিশনারি স্কুলে পড়াশোনার অভিজ্ঞতা প্রকাশ্যে আনার দাবিও উঠেছে। লালকৃষ্ণ আডবাণী, নির্মলা সীতারমন, তথাগত রায়, স্বপন দাশগুপ্ত এবং অগ্নিমিত্রা পালের মতো নেতারা মিশনারি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন বলে উল্লেখ করে তাঁদের অভিজ্ঞতা ও মতামত সামনে আনার কথা বলা হয়েছে। এছাড়াও, নির্দিষ্ট কোনও মিশনারি স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ থাকলে তাঁর নাম ও অভিযোগের বিস্তারিত তথ্য প্রকাশ্যে এনে আইনানুগ প্রশাসনিক পদক্ষেপ করার দাবি জানিয়েছেন চার্চের প্রতিনিধিরা। তাঁদের আশঙ্কা, সুনির্দিষ্ট তথ্য ছাড়া সামগ্রিকভাবে মিশনারি প্রতিষ্ঠানগুলিকে নিশানা করা হলে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি বা গোষ্ঠী স্কুলগুলিতে হামলা চালাতে পারে।বৈঠকে ধর্মীয় সম্প্রীতি ও বহুত্ববাদের প্রসঙ্গও উঠে আসে। প্রতিনিধিদের বক্তব্য, সনাতন ধর্মের মধ্যেও বিভিন্ন ধর্ম ও মতের প্রতি সহিষ্ণুতা এবং বহুত্ববাদের ধারণা রয়েছে। ঋগ্বেদের প্রথম মণ্ডলের একটি মন্ত্রের উল্লেখ করে তাঁরা বলেন, সত্য এক হলেও মানুষ তাকে বিভিন্নভাবে উপলব্ধি করে। তাই ধর্মের নামে অন্য ধর্মাবলম্বীদের উপর বিদ্বেষ বা আক্রমণ কোনওভাবেই কাম্য নয়।বৈঠক শেষে রাজ্যের প্রায় 13 লক্ষ খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের তরফে একগুচ্ছ দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠান চার্চের প্রধানরা। ধর্মান্তরণ সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে অবিলম্বে বিচারবিভাগীয় তদন্ত এবং এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের আবেদন জানানো হয়েছে ওই চিঠিতে। একই দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যপালকেও চিঠি দেওয়া হয়েছে বলে জানান বঙ্গীয় খ্রিস্টান পরিষেবার সাধারণ সম্পাদক হেরোদ মল্লিক। ধর্মান্তরণ সংক্রান্ত অভিযোগের তদন্ত এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা—এই দুই বিষয়কে সামনে রেখে চার্চ কর্তৃপক্ষের এই উদ্যোগ রাজ্যের রাজনৈতিক ও সামাজিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন প্রশাসন ও সরকারের তরফে এই দাবির পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ করা হয়, সেদিকেই নজর রয়েছে।