গড়বেতায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ, গুরুতর জখম ৮!

গড়বেতায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ, গুরুতর জখম ৮!

সেখ ওয়ারেশ আলী : গড়বেতায় বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠল সিপিআইএমের বিরুদ্ধে। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন প্রায় আটজন বিজেপি কর্মী। তাঁদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গড়বেতা গ্রামীণ হাসপাতাল থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে।জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় গড়বেতার খড়কুশমা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের উপর অতর্কিতে হামলা চালানোর অভিযোগ ওঠে সিপিআইএম কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

বিজেপির দাবি, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাঁদের উপর হামলা চালানো হয়। এই ঘটনায় আহত হন প্রায় আটজন।আহতদের উদ্ধার করে প্রথমে গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তিনজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গড়বেতা থানার পুলিশ। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে বিজেপি। অন্যদিকে, বিজেপির এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত সিপিআইএমের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। প্রকাশ্যে আসা সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ঘটনার তদন্তে কী পদক্ষেপ করা হয়, এখন সেদিকেই নজর।