এঁটো বাসন তুলতে গিয়ে পুকুরে তলিয়ে মৃত্যু! দাসপুরে মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া

এঁটো বাসন তুলতে গিয়ে পুকুরে তলিয়ে মৃত্যু! দাসপুরে মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া

সুমন মণ্ডল: খাওয়ার পর এঁটো বাসন ধুতে গিয়ে হাত থেকে পুকুরের জলে পড়ে যায় বাসন। সেই বাসন তুলতে গিয়েই পুকুরের গভীর জলে তলিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার রঘুনাথপুর গ্রামে।জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম অর্ধেন্দুশেখর মণ্ডল। তিনি রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। বুধবার দুপুর প্রায় ২টা নাগাদ খাওয়া-দাওয়া সেরে বাড়ির সামনের পুকুরে এঁটো বাসন ধুতে গিয়েছিলেন তিনি। সেই সময় কোনওভাবে তাঁর হাত থেকে একটি বাসন ফসকে পুকুরের জলে পড়ে যায়।পুকুরে পড়ে যাওয়া বাসনটি তুলতে জলে নামতেই বিপত্তি ঘটে। আচমকাই গভীর জলে তলিয়ে যান অর্ধেন্দুশেখরবাবু। ঘটনাটি পুকুরের অপর পাড়ে কাজ করতে থাকা কয়েকজন রাজমিস্ত্রির নজরে আসে। তাঁরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত স্থানীয় বাসিন্দাদের খবর দেন।এরপর গ্রামের প্রায় ১০-১২ জন মানুষ পুকুরে নেমে তল্লাশি শুরু করেন। প্রায় দু’ঘণ্টা ধরে খোঁজাখুঁজির পর অবশেষে পুকুরের জল থেকে অর্ধেন্দুশেখর মণ্ডলের নিথর দেহ উদ্ধার করা হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঘাটাল হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।