মেদিনীপুর 26° ☀️ · AQI 269 · খারাপ 26 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং বৃদ্ধাশ্রমের চার দেওয়ালেই প্রেমের শুরু, 70-এ বিয়ে! কানহাইয়া-সাবিনার কাহিনি ভাইরাল

খড়গপুরের মালঞ্চের বইমেলা বইয়ের পাতায় ফিরুক মন, জ্ঞানের আলোয় গড়ুক নতুন প্রজন্ম!

খড়গপুরের মালঞ্চের বইমেলা বইয়ের পাতায় ফিরুক মন, জ্ঞানের আলোয় গড়ুক নতুন প্রজন্ম!

অরিন্দম চক্রবর্তী : বইপ্রেমীদের জন্য সুখবর। আগামী 26 থেকে 31 ডিসেম্বর 2026—ছয় দিন ধরে খড়গপুরের মালঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম বর্ষের বইমেলা। মালঞ্চের প্রিয়নাথ রায় বিদ্যানিকেতনের মাঠে আয়োজিত এই বইমেলাকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন উদ্যোক্তারা। মেলার উদ্বোধনী অনুষ্ঠানেও থাকছে বিশেষ চমক। উপস্থিত থাকার কথা শহরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ, খড়গপুর আইআইটির ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের। উদ্বোধনী অনুষ্ঠানে আরও এক নামী ব্যক্তিত্বের উপস্থিতির কথা জানিয়েছেন আয়োজকেরা, যদিও তাঁর নাম এখনও প্রকাশ করা হয়নি।

24 নভেম্বর 2026 তারিখে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে বইমেলার বিস্তারিত কর্মসূচি ও পরিকল্পনার কথা জানান উদ্যোক্তারা। তাঁদের পক্ষ থেকে জানানো হয়, প্রথম বর্ষের এই বইমেলায় কলকাতার প্রায় 30টি নামী প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করবে। পাশাপাশি থাকছে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন, ফুড স্টল এবং শিশু-কিশোরদের জন্য বিশেষ স্টল। বইমেলাকে কেন্দ্র করে বাংলা সাহিত্য, সৃজনশীলতা ও বঙ্গ সংস্কৃতির নানা দিক তুলে ধরার পরিকল্পনা রয়েছে।বইমেলা কমিটির সাধারণ সম্পাদক তথা বিশিষ্ট সমাজসেবী মনোজ দে জানান, বইমেলায় শুধু বই কেনাবেচাই নয়, সাহিত্য ও সংস্কৃতির এক মিলনমঞ্চ গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। সেই উদ্দেশ্যে থাকছে নাচ, গান, আবৃত্তি-সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠান। আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় থাকবে রুচিশীল সাংস্কৃতিক উপস্থাপনা। পাশাপাশি আয়োজিত হবে কবি-সাহিত্যিক সম্মেলন এবং গুণীজন সংবর্ধনা।

উদ্যোক্তারা জানান, মেলার প্রথম দিন স্থানীয় ওয়ার্ডের শিল্পীদের বিশেষ প্রাধান্য দেওয়া হবে। পরবর্তী পাঁচ দিন মঞ্চে থাকবেন আমন্ত্রিত শিল্পীরা। এর মাধ্যমে স্থানীয় প্রতিভাকে তুলে ধরার পাশাপাশি বৃহত্তর সাংস্কৃতিক পরিসরের সঙ্গে শহরবাসীর পরিচয় ঘটাতে চান তাঁরা।সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন শ্যামল দে, সুপ্রিয় ঘোষ, বইমেলা কমিটির সাধারণ সম্পাদক মনোজ দে, সম্পাদক সুভাষ বোস। এছাড়াও উপস্থিত ছিলেন অঙ্কুশি সরকার, অনুশীলা চক্রবর্তী, সুকদেব সিং, কুশ সিনহা, অনিন্দিতা সামুই দত্ত, সংযুক্তা ভট্টাচার্য, বাবলু চালক, সোমনাথ শূর, অনুপম চৌধুরী-সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।বর্তমান সময়ে মোবাইল ফোন ও ডিজিটাল মাধ্যমের প্রতি নতুন প্রজন্মের ক্রমবর্ধমান আকর্ষণের মধ্যে বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনাই এই বইমেলার অন্যতম প্রধান উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকেরা। তাঁদের মতে, বইয়ের সঙ্গে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের সম্পর্ক আরও নিবিড় করতে হলে বইকে আবার দৈনন্দিন জীবনের অংশ করে তুলতে হবে।সেই লক্ষ্যকে সামনে রেখেই বইমেলা কমিটির সদস্যদের আবেদন, “বই কিনুন, পড়ুন, উপহার দিন, আপন করে নিন।” খড়গপুরের এই প্রথম বইমেলা শহরের বইপ্রেমী মানুষ, পাঠক, লেখক ও সংস্কৃতিপ্রেমীদের কাছে কতটা সাড়া ফেলে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন উদ্যোক্তারা।