ধানজমিতে সার দিতে গিয়েছিলেন, বজ্রাঘাতে মর্মান্তিক মৃত্যু নারায়ণগড়ের কৃষকের!

ধানজমিতে সার দিতে গিয়েছিলেন, বজ্রাঘাতে মর্মান্তিক মৃত্যু নারায়ণগড়ের কৃষকের!

নিজস্ব সংবাদদাতা :পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ধানজমিতে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মর্মান্তিক মৃত্যু হল এক কৃষকের। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে নারায়ণগড় ব্লকের হেমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের পাইখোলার বিম্বল গ্রামে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম স্বপন সিংহ (৪৩)। তিনি বিম্বল গ্রামেরই বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে নিজের চাষের জমিতে সার দেওয়ার কাজে গিয়েছিলেন স্বপনবাবু। সেই সময় আচমকাই আকাশ কালো মেঘে ঢেকে যায়। বৃষ্টি শুরু হওয়ার আগেই আচমকা বজ্রাঘাতে গুরুতরভাবে আক্রান্ত হন তিনি।স্থানীয়দের দাবি, বজ্রাঘাতের পর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় পুলিশ। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।এদিকে, হঠাৎ এমন মর্মান্তিক ঘটনায় স্বপন সিংহের পরিবারে নেমে এসেছে গভীর শোক। এলাকাতেও ছড়িয়ে পড়েছে শোকের আবহ।