মেয়ের চোখের সামনে পুকুরে তলিয়ে বাবা,৪৫ ঘণ্টার তল্লাশির পর উদ্ধার নিথর দেহ

মেয়ের চোখের সামনে পুকুরে তলিয়ে বাবা,৪৫ ঘণ্টার তল্লাশির পর উদ্ধার নিথর দেহ

নিজস্ব সংবাদদাতা: মেয়ের চোখের সামনেই পুকুরের জলে তলিয়ে গিয়েছিলেন বাবা। তারপর কেটে গিয়েছে প্রায় ৪৫ ঘণ্টা। পুকুরের জলে ডুবুরি থেকে স্পিডবোট—চলেছে লাগাতার তল্লাশি। অবশেষে মিলল সন্ধান। পুকুর থেকে উদ্ধার হল ৩৯ বছরের তরুণ কোটালের নিথর দেহ। মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার পদ্মপুকুরের কাজলা এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে বাড়ির বাসনপত্র ধোয়ার জন্য পুকুরে গিয়েছিলেন তরুণ কোটালের মেয়ে। সেই সময় বাবাও পুকুরে স্নান করতে নামেন। কিছুক্ষণের মধ্যেই আচমকা জলের মধ্যে তলিয়ে যান তরুণ। মেয়ের চোখের সামনে বাবাকে জলে ডুবে যেতে দেখে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর ছড়িয়ে পড়তেই পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা পুকুরে নেমে খোঁজ শুরু করেন। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও তরুণের কোনও সন্ধান না মেলায় খবর দেওয়া হয় প্রশাসনকে। পরে ঘটনাস্থলে পৌঁছয় NDRF-এর উদ্ধারকারী দল।স্পিডবোট নামিয়ে পুকুরজুড়ে তল্লাশি চালানোর পাশাপাশি জলে নামানো হয় ডুবুরি। পুকুরের বিভিন্ন অংশে চলে তল্লাশি। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেলেও প্রথমদিকে কোনও হদিস মেলেনি। শেষ পর্যন্ত প্রায় ৪৫ ঘণ্টার টানা অভিযানের পর পুকুরের জল থেকে উদ্ধার হয় কোটালের দেহ।দেহ উদ্ধারের খবর পেতেই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে ওঠে গোটা এলাকা। মেয়ের চোখের সামনে বাবার তলিয়ে যাওয়া থেকে শুরু করে দীর্ঘ তল্লাশির পর নিথর দেহ উদ্ধারের ঘটনায় শোকস্তব্ধ পরিবার।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে গভীর শোকের আবহ। মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও।