মন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের পরই কড়া পদক্ষেপ, সিল দুই হোটেল! কর্মহীন হয়ে দিশেহারা পুরনো কর্মীরা!
সেখ ওয়ারেশ আলী : গত শুক্রবার ২১শে আগস্ট মন্ত্রীর আকস্মিক পরিদর্শনের পরই নড়েচড়ে বসে প্রশাসন। শনিবার ২২শে আগস্ট সকাল থেকেই শুরু হয় কড়া পদক্ষেপ। দমকল ও পুলিশের যৌথ উদ্যোগে সংশ্লিষ্ট দুটি হোটেল গালা দিয়ে সিল করে দেওয়া হয়।হোটেল বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন সেখানে দীর্ঘদিন ধরে কর্মরত পুরনো কর্মচারীরা।

আচমকা কর্মসংস্থান বন্ধ হয়ে যাওয়ায় হোটেলের বাইরে দাঁড়িয়ে তাঁদের কার্যত দিশেহারা অবস্থায় দেখা যায়। কারও চোখে জল, আবার কেউ কান্নায় ভেঙে পড়েন।বছরের পর বছর এই হোটেলেই কাজ করে সংসার চালিয়েছেন বহু কর্মী। হঠাৎ সেই আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের সামনে এখন তৈরি হয়েছে অনিশ্চয়তা।

সংসারের খরচ, সন্তানের পড়াশোনা থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাপন—সবকিছু কীভাবে চলবে, তা নিয়েই চিন্তায় পড়েছেন তাঁরা।হোটেল বন্ধ হওয়ার পর কর্মীদের একটাই প্রশ্ন—“এখন আমরা কীভাবে সংসার চালাব?” প্রশাসনিক পদক্ষেপের জেরে নিরাপত্তা ও নিয়মকানুনের বিষয়টি সামনে এলেও, দীর্ঘদিনের কর্মীদের ভবিষ্যৎ কর্মসংস্থানের বিষয়টিও এখন বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে।