প্লাবিত ঘাটাল, জলবন্দি বহু মানুষ,বন্যা কবলিত এলাকায় বিধায়ক ও প্রশাসনের তৎপরতা!

প্লাবিত ঘাটাল, জলবন্দি বহু মানুষ,বন্যা কবলিত এলাকায় বিধায়ক ও প্রশাসনের তৎপরতা!

সুমন মণ্ডল: জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিস্তীর্ণ এলাকা। ঘাটাল ব্লকের দেওয়ানচক-১ ও দেওয়ানচক-২ গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর-সহ একাধিক এলাকায় ঢুকেছে বন্যার জল। এর ফলে সমস্যায় পড়েছেন বহু সাধারণ মানুষ। কোথাও জল ঢুকেছে বাড়িঘরে, আবার কোথাও জলমগ্ন হয়েছে যাতায়াতের রাস্তা।এই পরিস্থিতিতে বন্যাকবলিত এলাকায় পৌঁছে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখলেন ঘাটালের বিধায়ক শীতল কপাট, মহকুমা শাসক অনন্য জানা এবং বিডিও অভিক বিশ্বাস। তাঁরা প্লাবিত বিভিন্ন এলাকা ঘুরে দেখার পাশাপাশি জলবন্দি মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন।বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের হাতে তুলে দেওয়া হয় ত্রাণসামগ্রী। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে।হঠাৎ করে বন্যার জলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় আতঙ্ক ও দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন বানভাসি মানুষ। তবে এই দুর্যোগের সময় জনপ্রতিনিধি ও প্রশাসনের আধিকারিকদের সরাসরি এলাকায় পৌঁছে পরিস্থিতি পরিদর্শন এবং ত্রাণসামগ্রী বিতরণে কিছুটা স্বস্তি মিলেছে দুর্গতদের।ঘাটালের বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তৎপরতা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানা গিয়েছে।