চন্দ্রকোনারোডে হোটেল-রেস্তোরাঁয় খাদ্য দপ্তরের অভিযান!
অভিজিৎ সাহা : সাধারণ মানুষের কাছে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবার চন্দ্রকোনারোড শহরের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও রাস্তার ধারের খাবারের দোকানে বিশেষ অভিযান চালাল খাদ্য সুরক্ষা দপ্তর।রাজ্যজুড়ে চলা খাদ্য সুরক্ষা ও গুণমান পর্যবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনারোড শহরে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে জেলা খাদ্য দপ্তরের আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য, আইসি অনুপ ভট্টাচার্য-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।অভিযান চলাকালীন শহরের একাধিক ছোট-বড় হোটেল ও রেস্তোরাঁয় গিয়ে রান্নাঘরের পরিবেশ, খাবার তৈরির পদ্ধতি, খাদ্যসামগ্রী সংরক্ষণের ব্যবস্থা এবং ব্যবহৃত উপকরণের গুণগত মান খতিয়ে দেখেন আধিকারিকরা। বিভিন্ন প্রতিষ্ঠানের খাবারের নমুনাও সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়।

শুধু নজরদারিই নয়, হোটেল ও রেস্তোরাঁর মালিক এবং কর্মীদের খাদ্য সুরক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়েও সচেতন করা হয়। খাবার প্রস্তুত, সংরক্ষণ এবং পরিবেশনের ক্ষেত্রে কী কী সতর্কতা অবলম্বন করা জরুরি, সেই বিষয়েও বিস্তারিত পরামর্শ দেন খাদ্য দপ্তরের আধিকারিকরা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের স্বাস্থ্যের সঙ্গে কোনওরকম আপস করা হবে না। নিরাপদ, পরিষ্কার-পরিচ্ছন্ন ও গুণগত মানসম্পন্ন খাবার নিশ্চিত করতে আগামী দিনেও এ ধরনের নজরদারি ও অভিযান ধারাবাহিকভাবে চলবে।