তোলাবাজির অভিযোগে কেশপুরে গ্রেপ্তার যুব তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি আসিফ ইকবাল!
সেখ ওয়ারেশ আলী : তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আদায় এবং মারধরের অভিযোগে গ্রেপ্তার হলেন কেশপুর যুব তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি তথা কেশপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ আসিফ ইকবাল ওরফে টয়। মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করে কেশপুর থানার পুলিশ।১২ই আগস্ট বুধবার ধৃতকে মেদিনীপুর আদালতে পেশ করা হয়।

ঘটনার তদন্তে আরও তথ্য সংগ্রহ এবং অভিযোগের বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য আসিফ ইকবালকে সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। তবে পুলিশের আবেদনের পুরোপুরি অনুমোদন না দিয়ে আদালত তাঁকে দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২১ সাল থেকে আসিফ ইকবালের বিরুদ্ধে ভয় দেখিয়ে টাকা আদায়, মারধর-সহ একাধিক অভিযোগ কেশপুর থানায় জমা পড়ে। অভিযোগগুলির ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তের পর মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করা হয়।১২ই আগস্ট বুধবার আদালতে শুনানির সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযোগের সঙ্গে সম্পর্কিত আরও তথ্য খতিয়ে দেখা এবং ঘটনার বিস্তারিত তদন্তের স্বার্থে ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। সেই কারণেই সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়।শেষ পর্যন্ত আদালত দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। এখন পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অভিযোগগুলির বিষয়ে আরও কী তথ্য সামনে আসে এবং তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই নজর রয়েছে।