শালবনী জমি মামলায় আদালতে সুমিত রায়, হাজির স্ত্রী সুস্মিতা—প্রশ্নে নীরবতা!
সেখ ওয়ারেশ আলী : শালবনী জমি দুর্নীতি মামলায় ১৯শে সেপ্টেম্বরশনিবার মেদিনীপুর সিজিএম আদালতে পেশ করা হল অভিযুক্ত সুমিত রায়-সহ আরও তিনজনকে। অভিযুক্তদের আদালতে পেশ করা ঘিরে এদিন মেদিনীপুর আদালত চত্বরে ছিল কড়া পুলিশি নজরদারি।সুমিত রায়-সহ অভিযুক্তদের আদালতে তোলার সময় উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী সুস্মিতা ঘোষ রায়ও।
মামলার বিষয়ে তাঁর কাছে জানতে চাওয়া হলে কোনও মন্তব্য করতে চাননি তিনি। সাংবাদিকদের একাধিক প্রশ্ন এড়িয়ে আদালত চত্বর থেকে চলে যান সুস্মিতা।মামলার বর্তমান পরিস্থিতি নিয়ে সুমিত রায়ের আইনজীবী গৌরব ঘোষের কাছেও জানতে চাওয়া হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আপনারা সব জানেন, এ বিষয়ে বলার কী আছে।” এর পর আর কোনও মন্তব্য করতে চাননি তিনি।

উল্লেখ্য, দু’দিন আগেই মেদিনীপুর আদালতে সুমিত রায়ের জামিনের আবেদন করেছিলেন তাঁর স্ত্রী সুস্মিতা ঘোষ রায়। তবে সেই আবেদন আদালত মঞ্জুর করেনি।শনিবার সুমিত রায়কে আদালতে পেশ করার সময় ফের হাজির ছিলেন তাঁর স্ত্রী। সূত্রের খবর, আদালত চত্বরে সুমিত রায়ের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেছিলেন সুস্মিতা ঘোষ রায়। তবে শেষ পর্যন্ত তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি তিনি।