স্বাধীনতা দিবসের প্রাক্কালে মেদিনীপুরে বিনামূল্যে স্বাস্থ্য শিবির, পরিষেবা পেলেন প্রায় ২০০ জন!

স্বাধীনতা দিবসের প্রাক্কালে মেদিনীপুরে বিনামূল্যে স্বাস্থ্য শিবির, পরিষেবা পেলেন প্রায় ২০০ জন!

সেখ ওয়ারেশ আলী : ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে মেদিনীপুর শহরের ১০ নম্বর ওয়ার্ডে আয়োজিত হল বিশেষ বিনামূল্যে স্বাস্থ্য শিবির। ১০ নম্বর ওয়ার্ড জাতীয় কংগ্রেসের উদ্যোগে এবং ইন্ডিয়া ফার্মেসি অ্যান্ড পলিক্লিনিকের সহযোগিতায় এই শিবিরের আয়োজন করা হয়।বুধবার, ১২ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মীরবাজার চকের একটি লজে চলে স্বাস্থ্য পরীক্ষা শিবির। ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, হৃদরোগ ও দাঁতের চিকিৎসা সংক্রান্ত পরামর্শ এবং ব্লাড সুগার পরীক্ষা করা হয়।

বিশিষ্ট চিকিৎসকদের তত্ত্বাবধানে আয়োজিত এই শিবিরে প্রায় ২০০ জন বাসিন্দা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন।প্রদীপ প্রজ্জ্বলন এবং তুলসী গাছে জল দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এবং মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি দেবাশীষ ঘোষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার কংগ্রেস কাউন্সিলর তথা শহর কংগ্রেসের ইনচার্জ মহম্মদ সাইফুল, সঞ্জীব শীট, পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের সম্পাদক, কংগ্রেস নেতা তথা প্রাক্তন জেলা সভাপতি সমীর রায় এবং মেদিনীপুর শহর কংগ্রেসের সভাপতি পার্থ ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস ও মেদিনীপুর শহর কংগ্রেসের একাধিক নেতৃত্ব ও কর্মী-সমর্থক।স্বাধীনতা দিবসের প্রাক্কালে স্থানীয় বাসিন্দাদের জন্য এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে ঘিরে উৎসাহ দেখা যায়। আয়োজকদের বক্তব্য, সাধারণ মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই এই শিবিরের মূল উদ্দেশ্য।