অদক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি 400 টাকা করার দাবি, কেন্দ্রের কাছে আবেদন মুখ্যমন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা : বাংলার অসংগঠিত ক্ষেত্রে কর্মরত অদক্ষ শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি বাড়ানোর দাবি জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্তমান মজুরি বাড়িয়ে অন্তত 400 টাকা করার পক্ষে সওয়াল করে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি। শুক্রবার নবান্নের সভাঘরে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির অর্থ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথা জানান মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রী জানান, বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের মায়ের পারলৌকিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তাঁর সঙ্গে সংক্ষিপ্ত কথা বলার সুযোগ হয়েছিল। আনুষ্ঠানিক বৈঠক না হলেও সেই সময় বাংলার অদক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধির বিষয়টি কেন্দ্রীয় মন্ত্রীর নজরে আনেন তিনি।শুভেন্দু অধিকারীর বক্তব্য, বাংলায় যাঁরা অসংগঠিত ক্ষেত্রে অদক্ষ শ্রমিক হিসেবে কাজ করেন, তাঁদের ন্যূনতম দৈনিক মজুরি অন্তত 400 টাকা করা প্রয়োজন। এই দাবি কেন্দ্রীয় মন্ত্রীর কাছে তুলে ধরেছেন বলেও জানান তিনি।উল্লেখ্য, 100 দিনের কাজের প্রকল্পের পরিবর্তে কেন্দ্রীয় সরকার চালু করেছে ‘ভিবি-জি রাম জি’ প্রকল্প। এই প্রকল্পে গ্রামীণ পরিবারগুলির জন্য বছরে 125 দিনের কাজের নিশ্চয়তার কথা বলা হয়েছে। বর্তমানে এই প্রকল্পে দৈনিক মজুরি 300 টাকা। সেই মজুরি বাড়িয়ে 400 টাকা করার দাবিই এবার কেন্দ্রের কাছে জানাল রাজ্য সরকার।মুখ্যমন্ত্রীর এই দাবির পর কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই নজর শ্রমিক মহলের।