মেকন-2026-এ আকাশবাণী কলকাতার ঐতিহ্যের প্রদর্শনী, উঠে এল বেতার সম্প্রচারের ইতিহাস ও স্মৃতি
নিজস্ব সংবাদদাতা : কলকাতার বুকে এক ছাদের তলায় মিলল বেতার সম্প্রচারের ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য এবং আধুনিক প্রজন্মের কৌতূহল। বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অফ কমার্স (BFTCC)-এর উদ্যোগে 12 নভেম্বর 2026 কলকাতার জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে আয়োজিত হয় MECON-2026। এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আকাশবাণী কলকাতার বিশেষ প্রদর্শনী স্টল, যেখানে দর্শকদের সামনে তুলে ধরা হয় বেতার সম্প্রচারের দীর্ঘ ইতিহাস ও সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকার।

আকাশবাণী কলকাতার এই প্রদর্শনীতে স্থান পেয়েছিল বহু দুর্লভ নিদর্শন, পুরোনো আর্কাইভাল রেকর্ডিং এবং বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে। এসবের মাধ্যমে দর্শকরা বেতার সম্প্রচারের বিবর্তন, তার সঙ্গে জড়িয়ে থাকা স্মরণীয় ব্যক্তিত্ব এবং বাংলা সংস্কৃতিতে রেডিওর অবদান সম্পর্কে জানার সুযোগ পান।

বিশেষ আকর্ষণ হিসেবে প্রদর্শিত হয় অতীতের বিভিন্ন রেকর্ডিং মাধ্যম এবং কিংবদন্তি বেতার ঘোষক শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক চেয়ার। প্রজন্মের পর প্রজন্ম ধরে শ্রোতাদের মনে জায়গা করে নেওয়া বেতার সম্প্রচারের নানা স্মৃতি ও নিদর্শন দর্শকদের কাছে বিশেষ আগ্রহের বিষয় হয়ে ওঠে। প্রতিটি প্রদর্শনীই যেন বহন করছিল এক একটি সময়ের গল্প।

এই প্রদর্শনী পরিদর্শনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রী ডঃ স্বপন দাসগুপ্ত, সরকারি উদ্যোগ ও শিল্প পুনর্গঠন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তাপস রায়, বিধায়ক রুদ্রনীল ঘোষ, কৌস্তুভ বাগচী ও দেবাশিস ধর। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট বাঙালি অভিনেত্রী পাওলি দাম-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব।শুধু বিশিষ্ট অতিথিরাই নন, বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের মধ্যেও আকাশবাণীর প্রদর্শনী ঘিরে বিশেষ উৎসাহ দেখা যায়। তরুণ প্রজন্মের পড়ুয়ারা বেতার সম্প্রচারের ইতিহাস, পুরোনো প্রযুক্তি এবং বর্তমান সময়েও রেডিওর প্রাসঙ্গিকতা সম্পর্কে জানার সুযোগ পান।

প্রযুক্তির দ্রুত পরিবর্তনের যুগে ডিজিটাল মাধ্যমের ব্যাপক প্রসার ঘটলেও রেডিওর আবেদন যে আজও অমলিন, MECON-2026-এর এই প্রদর্শনী যেন সেই বার্তাই তুলে ধরল। অতীতের স্মৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা এবং বেতার সম্প্রচারের ঐতিহ্যকে সংরক্ষণের এই উদ্যোগ দর্শকদের কাছে এক বিশেষ অভিজ্ঞতা হয়ে ওঠে।

আকাশবাণী কলকাতার এই আয়োজনের মধ্য দিয়ে আরও একবার সামনে এল বেতার সম্প্রচারের এক চিরন্তন পরিচয়—সময়ের পরিবর্তন হলেও মানুষের কাছে কণ্ঠস্বর পৌঁছে দেওয়ার এই মাধ্যমের আবেদন আজও সমানভাবে গুরুত্বপূর্ণ।
সম্পর্কিত খবর
কলকাতা
বরানগরে তরুণী খুনের রহস্য ঘনীভূত! মৃতার ফোন থেকেই বাবা-মাকে মেসেজ, 13 সেকেন্ডে কেটে গেল ফোন
কলকাতা
অভিষেকের কালীঘাটের বাড়ির সামনে পুরসভার অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী শেড!
কলকাতা