অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

দিঘার সমুদ্র সৈকতে আন্তর্জাতিক শিল্পের মিলনমেলা, প্রকৃতি সংরক্ষণের বার্তা দিল 9ম আর্ট ফেস্টিভ্যাল!

দিঘার সমুদ্র সৈকতে আন্তর্জাতিক শিল্পের মিলনমেলা, প্রকৃতি সংরক্ষণের বার্তা দিল 9ম আর্ট ফেস্টিভ্যাল!

নিজস্ব সংবাদদাতা : প্রকৃতি, শিল্প ও সংস্কৃতির মেলবন্ধনে দিঘার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হলো The Third Eye Artist Group-এর 9ম আন্তর্জাতিক আর্ট ফেস্টিভ্যাল 2026। চার দিনব্যাপী এই শিল্পোৎসবে দেশ-বিদেশের শিল্পী, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিত্বদের অংশগ্রহণে গড়ে ওঠে আন্তর্জাতিক সাংস্কৃতিক আদান-প্রদানের এক অনন্য পরিবেশ। এবারের উৎসবের মূল ভাবনা ছিল ‘Global Warming & Nature’। বিশ্ব উষ্ণায়নের প্রভাব, পরিবেশ সচেতনতা এবং প্রকৃতি সংরক্ষণের বার্তা শিল্পের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়াই ছিল এই আয়োজনের অন্যতম প্রধান উদ্দেশ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অংশুমান সাহা, IPS, অতিরিক্ত জেলাশাসক ধূমল প্রতীক অশোক (Shri Dhumal Pratik Ashok, IAS), বিধায়ক ড. চন্দ্রশেখর মণ্ডল, DSP Traffic সুনীল চন্দ্র সাহা-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক, বিশিষ্ট অতিথি ও শিল্পানুরাগীরা। এই আয়োজনের বিশেষ মুহূর্ত ছিল পুলিশ সুপার অংশুমান সাহার শিল্পীর ভূমিকায় অবতীর্ণ হওয়া। দিঘার সমুদ্রের ঢেউ, নীল আকাশ এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে তিনি নিজের ক্যানভাসে তুলে ধরেন। প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি তাঁর এই শিল্পসত্তার প্রকাশ উপস্থিত শিল্পী ও দর্শকদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করে।

এবারের আন্তর্জাতিক শিল্পোৎসবের অন্যতম আকর্ষণ ছিল মুর্শিদাবাদের বহরমপুরের জওহর নবোদয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ। আয়োজক ও শিল্পশিক্ষক সোমনাথ বিশ্বাসের উদ্যোগে বিদ্যালয়ের পড়ুয়ারা দেশ-বিদেশের বিশিষ্ট শিল্পীদের সঙ্গে একই পরিসরে ছবি আঁকা, মতবিনিময় এবং শিল্প-সংস্কৃতির বিভিন্ন অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়। শিক্ষার্থীদের এই অংশগ্রহণ আন্তর্জাতিক মঞ্চে তাঁদের সৃজনশীল প্রতিভা বিকাশের ক্ষেত্রে বিশেষ তাৎপর্য বহন করে।

উৎসবে বিদেশ থেকে অংশগ্রহণ করেন হাঙ্গেরির পিটার লুকাস (Peter Lukács), যুক্তরাজ্যের ডাভিনা গ্যারিডো ডি মিগুয়েল (Davina Garrido De Miguel) এবং কানাডার মহম্মদ মইনুদ্দিন (Mahammad Mainuddin)। বিভিন্ন দেশের শিল্পীদের উপস্থিতিতে উৎসবের আন্তর্জাতিক মাত্রা আরও সমৃদ্ধ হয়ে ওঠে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপ্লবী সংবাদ দর্পণ-এর প্রতিনিধিরাও। প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক, আন্তর্জাতিক শিল্পী এবং ছাত্রছাত্রীদের একই সঙ্গে প্রকৃতির মাঝে বসে ছবি আঁকার দৃশ্য উৎসবকে এক বিশেষ মাত্রা দেয়।

শিল্পীদের পারস্পরিক বন্ধুত্ব, অভিজ্ঞতা বিনিময়, সাংস্কৃতিক পরিবেশনা এবং আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে চার দিনের এই আন্তর্জাতিক শিল্পোৎসবের। এই উৎসব আরও একবার তুলে ধরল, শিল্পের কোনও ভৌগোলিক সীমারেখা নেই।

ভাষা, দেশ ও সংস্কৃতির পার্থক্য পেরিয়ে শিল্পই পারে মানুষকে একসূত্রে বাঁধতে। একই সঙ্গে প্রকৃতির প্রতি দায়বদ্ধতা ও পরিবেশ সংরক্ষণের বার্তাও পৌঁছে দিল দিঘার এই আন্তর্জাতিক শিল্পসম্মেলন।