অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং নবান্ন থেকে ‘পুলিশ মিত্র’ অ্যাপের উদ্বোধন,পুলিশি ব্যবস্থায় প্রযুক্তির ছোঁয়া

মেদিনীপুরে গডসে পোস্টার ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক

মেদিনীপুরে গডসে পোস্টার ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক

সেখ ওয়ারেশ আলী: মুখ্যমন্ত্রীর জগদ্ধাত্রী পুজো উদ্বোধনের আগে মেদিনীপুরে নাথুরাম গডসের পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের একটি বড় পোস্টার উদ্বোধনী মঞ্চের অদূরে লাগানোকে কেন্দ্র করে শহরের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।আগামী 16 নভেম্বর মেদিনীপুর শহরের চারটি জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে আসার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ওই দিন গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত একটি জগদ্ধাত্রী পুজোরও উদ্বোধন করবেন তিনি। তার ঠিক আগেই উদ্বোধনী মঞ্চের কিছুটা দূরে মূল রাস্তার পাশে নাথুরাম গডসের বড় পোস্টার লাগানোকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।জানা গিয়েছে, বিজেপি কর্মী মৃন্ময় সাউ ওই পোস্টারটি লাগিয়েছেন। তাঁর দাবি, সিপিএম ও কংগ্রেস দেশের মানুষের সামনে প্রকৃত ইতিহাস তুলে ধরেনি। ইতিহাসের যে বিষয়গুলি আড়ালে রয়ে গিয়েছে, সেগুলি সাধারণ মানুষের সামনে প্রকাশ করা প্রয়োজন। নাথুরাম গডসেকে ইতিহাসে সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করা হলেও, ব্যক্তিগতভাবে তিনি তাঁকে জাতীয় নায়ক বলে মনে করেন। ছোটবেলা থেকেই গডসেকে নায়ক হিসেবে দেখে আসছেন বলেও জানান মৃন্ময় সাউ। পাশাপাশি, মহাত্মা গান্ধীকে হত্যার নেপথ্যে গডসের কী যুক্তি বা কারণ ছিল, তা নিয়েও সাধারণ মানুষের মধ্যে আলোচনা হওয়া উচিত বলে তাঁর বক্তব্য।অন্যদিকে, এই পোস্টার লাগানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস। গান্ধী মূর্তির পাদদেশে মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনের কর্মসূচির আগে এমন পোস্টার লাগানোকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর।এ বিষয়ে বিধায়ক ডক্টর শঙ্কর কুমার গুছাইতের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, “এ বিষয়ে আমার কিছু জানা নেই। আমি খোঁজ নিচ্ছি।”মুখ্যমন্ত্রীর সফরের আগে এই পোস্টার বিতর্ক আগামী দিনে কোন রাজনৈতিক মাত্রা নেয়, এখন সেদিকেই নজর মেদিনীপুরবাসীর।