সুসুনিয়ায় ‘From Research to People’, গবেষণাকে পড়ুয়াদের দোরগোড়ায় পৌঁছে দিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়
নিজস্ব সংবাদদাতা : বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও শিক্ষাকে শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাঁকুড়ার সুসুনিয়া এলাকায় আয়োজিত হল বিশেষ আউটরিচ কর্মসূচি। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ এবং সি. ভি. রমন বিজ্ঞান ক্লাবের উদ্যোগে ‘From Research to People’ শীর্ষক এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।গত ৩০ সেপ্টেম্বর নামো সুসুনিয়া প্রাথমিক বিদ্যালয় এবং ২ অক্টোবর পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়, সুসুনিয়ায় কর্মসূচির আয়োজন করা হয়। দুই বিদ্যালয় মিলিয়ে প্রতিটি প্রতিষ্ঠানের প্রায় ১২০ জন করে শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেয়।

কর্মসূচির পরিচালনা ও তত্ত্বাবধানে ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. অভীক বিশ্বাস এবং সি. ভি. রমন বিজ্ঞান ক্লাবের চেয়ারম্যান ড. সুরজিৎ দাস।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের গবেষক ও শিক্ষার্থীরা সরাসরি স্কুলপড়ুয়াদের সঙ্গে মতবিনিময় করেন। বিভিন্ন বিষয় নিয়ে সহজ ভাষায় আলোচনা করার পাশাপাশি হাতে-কলমে প্রদর্শনের মাধ্যমে গবেষণা ও বৈজ্ঞানিক বিষয়গুলিকে শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়। এর ফলে পড়ুয়াদের মধ্যে বিজ্ঞান ও গবেষণা সম্পর্কে কৌতূহল বাড়ানোর পাশাপাশি শ্রেণিকক্ষের বাইরেও শেখার আগ্রহ তৈরি করার চেষ্টা করা হয়।মানব ইতিহাস ও নৃবিজ্ঞান থেকে শুরু করে স্বাস্থ্য,পরিচ্ছন্নতা এবং দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয়ও আলোচনায় উঠে আসে।

জটিল গবেষণার বিষয়গুলিকে সহজ ও আকর্ষণীয়ভাবে উপস্থাপনের মাধ্যমে স্কুলশিক্ষার্থীদের কাছে বিশ্ববিদ্যালয়ের গবেষণার জগতকে পরিচিত করে তোলাই ছিল এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।আয়োজকদের মতে, বিশ্ববিদ্যালয়ের গবেষণা শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক বা শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ না থেকে বৃহত্তর সমাজের কাজে লাগানো প্রয়োজন। সেই লক্ষ্যেই ‘From Research to People’ কর্মসূচির মাধ্যমে গবেষণার জ্ঞানকে স্থানীয় স্তরে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।এই কর্মসূচির মধ্য দিয়ে একদিকে যেমন স্কুলপড়ুয়াদের মধ্যে বৈজ্ঞানিক কৌতূহল ও জ্ঞানচর্চার আগ্রহ বাড়ানোর চেষ্টা হয়েছে, অন্যদিকে তেমনই বিশ্ববিদ্যালয় ও স্থানীয় সমাজের মধ্যে অর্থবহ যোগাযোগের একটি সেতু তৈরি করার উদ্যোগও নেওয়া হয়েছে।