পাঁচ কিলোমিটার দৌড়ে গান্ধী জয়ন্তী পালন, মেদিনীপুর ডিএভি পাবলিক স্কুলে ‘ফিট ডিএভি ফ্রিডম রান’!
নিজস্ব সংবাদদাতা : মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মজয়ন্তী উপলক্ষে পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন করল মেদিনীপুর ডিএভি পাবলিক স্কুল। প্রতি বছরের মতো এবারও বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হল ‘রান ফর ডিএভি’ ও ‘ফিট ডিএভি ফ্রিডম রান’। সুস্থ শরীর, সচেতন মন এবং গান্ধীজির অহিংসা ও সম্প্রীতির বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে এদিন সকাল থেকেই বিদ্যালয় চত্বরে তৈরি হয় উৎসবের আবহ। সকাল ৭টায় মহাত্মা গান্ধী ও লাল বাহাদুর শাস্ত্রীর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্বচ্ছতার শপথ গ্রহণ করেন উপস্থিত সকলে।বিদ্যালয়ের পতাকাকে সম্মান জানিয়ে দৌড় প্রতিযোগিতার সূচনা করেন স্কুলের অধ্যক্ষ এন. কে. গৌতম।

প্রায় ১৮০ জন শিক্ষার্থী এই পাঁচ কিলোমিটার দৌড়ে অংশগ্রহণ করে। দৌড় চলাকালীন পথের দু’ধারে দাঁড়িয়ে সাধারণ মানুষ করতালি দিয়ে তরুণ দৌড়বিদদের উৎসাহিত করেন।প্রতিযোগিতা শেষে ছেলে ও মেয়ে—দুই বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পাশাপাশি অভিভাবক বিভাগেও কৃতীদের মেমেন্টো দিয়ে সম্মানিত করা হয়।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে দেওয়া হয় শংসাপত্র।শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ও অভিভাবকদের সক্রিয় সহযোগিতায় পুরো অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

গান্ধীজির জন্মজয়ন্তীকে সামনে রেখে স্বাস্থ্যসচেতনতা, খেলাধুলার প্রতি আগ্রহ এবং পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ।