খড়গপুরে একের পর এক সোনার হার ছিনতাইয়ের কিনারা, গ্রেফতার ৩, উদ্ধার ৬টি হার!

খড়গপুরে একের পর এক সোনার হার ছিনতাইয়ের কিনারা, গ্রেফতার ৩, উদ্ধার ৬টি হার!

সেখ ওয়ারেশ আলী : খড়গপুর শহরজুড়ে একের পর এক সোনার হার ছিনতাইয়ের ঘটনার কিনারা করল পুলিশ। এই ঘটনায় খড়গপুর টাউন থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে দুজন নাবালক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ছয়টি সোনার হার উদ্ধার হয়েছে।পাশাপাশি, ছিনতাই করা সোনার হার যে দোকানে বিক্রি করা হয়েছিল বলে অভিযোগ, সেই দোকানের মালিককেও আটক করেছে পুলিশ।২৬শে সেপ্টেম্বর বুধবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে গোটা ঘটনার বিস্তারিত জানান জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা।

তিনি জানান, গত মে মাস থেকে খড়গপুর শহরের বিভিন্ন এলাকায় একটি ছিনতাইকারী চক্র সক্রিয় ছিল বলে অভিযোগ। মূলত মহিলাদের লক্ষ্য করেই সোনার হার ছিনতাই করা হত।একের পর এক ছিনতাইয়ের অভিযোগ জমা পড়ার পর তদন্তে নামে খড়গপুর টাউন থানার পুলিশ। তদন্তের সূত্র ধরে প্রথমে একজনকে গ্রেফতার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে জড়িত আরও দুজনের সন্ধান পায় পুলিশ।

এরপর তাদেরও গ্রেফতার করা হয়।পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে এখনও পর্যন্ত ছয়টি সোনার হার ছিনতাইয়ের ঘটনার তথ্য সামনে এসেছে। উদ্ধার করা হয়েছে সেই ছয়টি সোনার হারও। পাশাপাশি, ছিনতাই হওয়া সোনা বিক্রির অভিযোগে সংশ্লিষ্ট দোকানের মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।এই ছিনতাই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং শহরে আরও কোনও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।