আইআইটি খড়গপুরে গবেষণা সহযোগিতার বার্তা, আইআইএসসি অধ্যাপকের সঙ্গে পরিচালকের বৈঠক!

আইআইটি খড়গপুরে গবেষণা সহযোগিতার বার্তা, আইআইএসসি অধ্যাপকের সঙ্গে পরিচালকের বৈঠক!

নিজস্ব সংবাদদাতা : জাতীয় স্তরে গবেষণা সহযোগিতা আরও শক্তিশালী করা এবং প্রাতিষ্ঠানিক ও বৈজ্ঞানিক অংশীদারিত্বের নতুন সম্ভাবনা খুঁজতে আইআইটি খড়গপুর পরিদর্শন করলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (IISc), বেঙ্গালুরুর এএনআরএফ ন্যাশনাল সায়েন্স চেয়ার অধ্যাপক ডি. ডি. শর্মা। সফরকালে তিনি আইআইটি খড়গপুরের পরিচালক অধ্যাপক সুমন চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বৈঠকে ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষিকারাও অংশ নেন।সাক্ষাতে জাতীয় পর্যায়ে গবেষণার পরিসর বাড়ানো, আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়। দেশের দুই শীর্ষস্থানীয় শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে আরও ঘনিষ্ঠ বৈজ্ঞানিক যোগাযোগ গড়ে তোলার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।সফরের অংশ হিসেবে অধ্যাপক ডি. ডি. শর্মা আইআইটি খড়গপুরের পদার্থবিদ্যা বিভাগে আয়োজিত প্ল্যাটিনাম জুবিলি ইনস্টিটিউট আলোচনা সভায় অংশ নেন। সেখানে সমসাময়িক গবেষণা, নতুন বৈজ্ঞানিক অগ্রগতি এবং গবেষণার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তিনি। শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি পিএইচডি গবেষকরাও এই মতবিনিময়ে অংশ নেন।আইআইটি খড়গপুরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞানী ও গবেষণা প্রতিষ্ঠানগুলির মধ্যে জ্ঞান ও গবেষণা বিনিময়ের সুযোগ তৈরি করে। পাশাপাশি ভবিষ্যতে যৌথ গবেষণা ও সহযোগিতামূলক প্রকল্পের ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।