স্বাধীনতা দিবসের প্রাক্কালে খড়গপুরে মানবিক উদ্যোগ, রক্তদান শিবিরে প্রায় ১০০ জন!

স্বাধীনতা দিবসের প্রাক্কালে খড়গপুরে মানবিক উদ্যোগ, রক্তদান শিবিরে প্রায় ১০০ জন!

সেখ ওয়ারেশ আলী : স্বাধীনতা দিবসের প্রাক্কালে মানবিক উদ্যোগে সামিল হল খড়গপুর গ্রিফিন্স ইন্টারন্যাশনাল স্কুল। বিদ্যালয়ের উদ্যোগে এবং মেদিনীপুর জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় প্রথমবারের মতো আয়োজিত হল রক্তদান শিবির। শিবিরে প্রায় ১০০ জন স্বেচ্ছায় রক্তদান করেন।বিদ্যালয়ের প্রিন্সিপাল প্রদীপ সামল নিজে রক্তদান করে শিবিরের সূচনা করেন। রক্ত সংগ্রহের দায়িত্বে ছিল খড়গপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার এবং নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল ব্লাড সেন্টার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের চেয়ারম্যান অভিষেক যাদব-সহ অন্যান্যরা। রক্তদান শিবিরকে ঘিরে বিদ্যালয়ের শিক্ষক, পড়ুয়া ও অভিভাবকদের মধ্যেও উৎসাহ দেখা যায়।মেদিনীপুর জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সেক্রেটারি জগদীশ মাইতি এবং ডেপুটি সেক্রেটারি মৃত্যুঞ্জয় সামন্ত জানান, সারা বছর জেলায় রক্তের চাহিদার ১০০ শতাংশ জোগান নিশ্চিত করাই তাঁদের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্য পূরণে জেলার বিভিন্ন ক্লাব, সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানকে রক্তদান শিবির আয়োজনের জন্য আবেদন জানানো হচ্ছে।

তাঁরা জানান, ফোরামের আবেদনে সাড়া দিয়ে খড়গপুর গ্রিফিন্স ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ প্রথমবারের মতো এই রক্তদান শিবিরের আয়োজন করেছে। একইসঙ্গে স্বেচ্ছায় রক্তদান করে কর্মসূচিকে সফল করে তোলার জন্য সকল রক্তদাতাকে ধন্যবাদ জানান তাঁরা।

বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই রক্তদান শিবির শুধুমাত্র একটি সামাজিক কর্মসূচি নয়, মানুষের জীবন বাঁচাতে সমাজের প্রতি দায়বদ্ধতার এক গুরুত্বপূর্ণ বার্তাও বহন করছে। দেশপ্রেমের আবহে মানবিকতার এই উদ্যোগ আগামী দিনেও সমাজের অন্যদের রক্তদানে উৎসাহিত করবে বলে আশাবাদী উদ্যোক্তারা।