শহিদ গৌতম চৌবেকে স্মরণ খড়গপুরে!
অপূর্ব মজুমদার : পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের রাজনৈতিক ও সমাজসেবার ইতিহাসে প্রয়াত যুবনেতা গৌতম চৌবে-র অবদান আজও গভীরভাবে স্মরণীয়। খড়গপুরের প্রাক্তন হেভিওয়েট CPI সাংসদ ও বিশিষ্ট রাজনৈতিক নেতা নারায়ণ চৌবে-র জ্যেষ্ঠ পুত্র ছিলেন গৌতম। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।২০০১ সালের ১১ সেপ্টেম্বর খড়গপুরের মালঞ্চ রোডে অতর্কিত হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় গৌতম চৌবের। অভিযোগ, কুখ্যাত সমাজবিরোধী বাসব রামবাবু ও তার দলের সদস্যদের হামলায় তাঁকে গুলি করে হত্যা করা হয়।

তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতির দায়িত্ব পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর এই মর্মান্তিক পরিণতি ঘটে।গৌতম চৌবের মৃত্যুর পর দীর্ঘ বছর পেরিয়ে গেলেও তাঁর স্মৃতি মুছে যায়নি খড়গপুরবাসীর মন থেকে। প্রতি বছর তাঁর অনুগামী ও শহরবাসীর উদ্যোগে বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

এভাবেই সমাজের মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে তাঁর স্মৃতিকে আজও অম্লান রাখা হয়েছে।শহিদ গৌতম চৌবের স্মরণ অনুষ্ঠানে নেতৃত্ব দেন প্রবীণ ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জহর পাল, মুনমুন চৌধুরী, খড়গপুর পুরসভার চেয়ারম্যান কল্যাণী ঘোষ,অসিত পাল-সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

খড়গপুরের সাধারণ মানুষের কাছে গৌতম চৌবে আজও অন্যায়, মাফিয়াতন্ত্র ও সমাজবিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই এবং যুবসমাজের অধিকার প্রতিষ্ঠার এক সাহসী প্রতীক হিসেবে স্মরণীয়। তাঁর স্মৃতিকে ঘিরে প্রতিবছর আয়োজিত সামাজিক কর্মকাণ্ড সেই লড়াইয়ের বার্তাকেই নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছে।