অভিজিৎ সাহা : “এটা মানুষের জয়”—ফল ঘোষণার পর উন্নয়নের অঙ্গীকার, সংযমের আহ্বান বিজয়ীর! পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে স্পষ্টভাবে এগিয়ে থেকে শেষ পর্যন্ত ৩৮,৭৩৭ ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নিলেন বিজেপি প্রার্থী শংকর গুছাইত। ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই এলাকাজুড়ে বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো হয়ে ওঠে।তবে এই জয়ের মুহূর্তেও সংযমের বার্তাই দিলেন নবনির্বাচিত বিধায়ক। প্রতিক্রিয়ায় শংকর গুছাইত স্পষ্টভাবে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন,“ভোটের আগে যেভাবে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে, ঠিক সেইভাবেই ফল ঘোষণার পরও যেন কোথাও কোনও অশান্তি না হয়—এটাই সকলের কাছে আমার আবেদন।
”নিজের জয়কে ব্যক্তিগত কৃতিত্ব না বলে মানুষের রায় হিসেবেই ব্যাখ্যা করেছেন তিনি। তাঁর কথায়,“এই জয় আমার একার নয়, এটা মেদিনীপুরের মানুষের জয়। আগামী দিনে মানুষের জন্য কাজ করাই আমার প্রধান লক্ষ্য।
এলাকার সামগ্রিক উন্নয়নই হবে আমাদের অগ্রাধিকার।”রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিপুল ব্যবধান মেদিনীপুর কেন্দ্রে বিজেপির শক্ত অবস্থানকে আরও মজবুত করল। অন্যদিকে, ফল ঘোষণার পর পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনও সতর্ক রয়েছে, যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে।এখন সব নজর নতুন বিধায়ক শংকর গুছাইতের দিকে—নির্বাচনের আগে দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি কতটা বাস্তবে রূপ পায় এবং এলাকার মানুষের প্রত্যাশা তিনি কতটা পূরণ করতে পারেন, সেটাই আগামী দিনের বড় প্রশ্ন।