অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

জঙ্গলমহলের আদিবাসীদের আইনি অধিকার রক্ষায় বিশেষ উদ্যোগ, গোপীবল্লভপুরে শিবিরে বিচারক

জঙ্গলমহলের আদিবাসীদের আইনি অধিকার রক্ষায় বিশেষ উদ্যোগ, গোপীবল্লভপুরে শিবিরে বিচারক

নিজস্ব সংবাদদাতা : জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকার আদিবাসী জনগোষ্ঠীর মানুষের কাছে আইনি পরিষেবা পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিল ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। ‘জাতীয় আইনি পরিষেবা দিবস’ উপলক্ষে গোপীবল্লভপুরে আয়োজিত হলো বিনামূল্যে আইনি সচেতনতা শিবির। আদিবাসী সম্প্রদায়ের মানুষ যাতে নিজেদের অধিকার সম্পর্কে জানতে পারেন এবং সরকারি আইনি পরিষেবার সুযোগ গ্রহণ করতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।17ই নভেম্বর মঙ্গলবার ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পরিচালনায় এবং ভারত জাকাত মাঝি পারগানা মহল, বেলাকাঠিয়া মুলুকের সহযোগিতায় ছাতিনশোল ব্লক অফিসের অডিটোরিয়াম হলে এই শিবিরের আয়োজন করা হয়। গোপীবল্লভপুর থানা এলাকার বিভিন্ন আদিবাসী অধ্যুষিত গ্রামের মাঝি বাবা-সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষ শিবিরে অংশগ্রহণ করেন।শিবিরে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক রিহা ত্রিবেদী। তিনি ‘NALSA SAMVAD Scheme, 2025’ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং উপস্থিত আদিবাসী সমাজের মানুষদের আইনি অধিকার ও সরকারি পরিষেবা সম্পর্কে সচেতন করেন।

প্রান্তিক আদিবাসীদের ন্যায়বিচার পৌঁছে দিতে ‘SAMVAD’ প্রকল্প : NALSA-র SAMVAD প্রকল্পের সম্পূর্ণ নাম ‘Strengthening Access to Justice for Marginalized, Vulnerable Adivasis and Denotified / Nomadic Tribes’। 2025 সালের এপ্রিল মাসে চালু হওয়া এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো প্রান্তিক ও অসহায় আদিবাসী জনগোষ্ঠী এবং ডিনোটিফায়েড ও যাযাবর জনজাতির মানুষের কাছে ন্যায়বিচার পাওয়ার সুযোগ আরও সহজ করে তোলা। এই প্রকল্পের আওতায় তফসিলি জনজাতি (ST), বিশেষভাবে দুর্বল জনজাতি গোষ্ঠী (PVTG) এবং ডিনোটিফায়েড ও যাযাবর জনজাতির (DNT) মানুষদের আইনি সহায়তা দেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। জমি ও বনাধিকার, উচ্ছেদ ও পুনর্বাসন, আধার কার্ড, জাতিগত শংসাপত্র, রেশন কার্ড-সহ বিভিন্ন প্রয়োজনীয় নথিপত্র তৈরি এবং সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে সহায়তা দেওয়ার কথা এই উদ্যোগে বলা হয়েছে।

পাশাপাশি সংশ্লিষ্ট জনগোষ্ঠীর নিজস্ব ভাষায় এবং তাঁদের বসবাসের এলাকায় পৌঁছে আইনি সচেতনতা গড়ে তোলার উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিস মাস্টার সুব্রত বারিক NALSA-র ‘DON’ স্কিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।অধিকার মিত্র রীতা দাস দত্ত সাঁওতালি ভাষায় বক্তব্য রাখেন। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের দফতর থেকে সাধারণ মানুষ কী কী বিনামূল্যে পরিষেবা পেতে পারেন, কীভাবে এবং কোথায় যোগাযোগ করতে হবে, সে সম্পর্কে তিনি বিস্তারিতভাবে বুঝিয়ে বলেন। সাধারণ মানুষের আইনি প্রয়োজনে পাশে থাকার আশ্বাসও দেন তিনি।এদিনের শিবিরে উপস্থিত ছিলেন ব্লক ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার দফতরের অতিরিক্ত পরিদর্শক মহিম্ন প্রসাদ মাইতি, জেলা ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার (BCW) দফতরের অতিরিক্ত জেলা পরিদর্শক আলোক মাইতি। আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন অধিকার ও সরকারি সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন আলোক মাইতি।অন্যদিকে, গোপীবল্লভপুর থানার সাব-ইন্সপেক্টর (SI) অবনি কান্ত দাস অনলাইন আর্থিক প্রতারণা থেকে বাঁচার উপায় এবং বিভিন্ন আইনি বিষয় নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন।শিবিরে উপস্থিত ছিলেন ভারত জাকাত মাঝি পারগানা মহলের ঝাড়গ্রাম জেলার প্রাক্তন জেলা পারগানা ঢাঙ্গা হাঁসদা, বেলাকাঠিয়া মুলুকের মুলুক পারগানা সূর্য সরেন-সহ সংগঠনের অন্যান্য প্রতিনিধিরা। এছাড়াও অধিকার মিত্র তারেকেশ্বর রানা, নীলকণ্ঠ ঘোড়াই এবং গোপীবল্লভপুর-1 ব্লকের প্রায় শতাধিক আদিবাসী সমাজের মানুষ এই শিবিরে অংশগ্রহণ করেন।প্রত্যন্ত এলাকার আদিবাসী মানুষের কাছে আইনি পরিষেবা পৌঁছে দেওয়া, তাঁদের অধিকার সম্পর্কে সচেতন করা এবং সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার পথ সহজ করাই ছিল এই শিবিরের মূল লক্ষ্য। বিচারক ও প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে আয়োজিত এই উদ্যোগকে জঙ্গলমহলের প্রান্তিক মানুষের আইনি সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের প্রতিনিধিরা।