খড়গপুর স্টেশনে জিআরপির বড়সড় অভিযান, ৩১ লক্ষ নগদ-সোনা ও হীরের আংটি উদ্ধার; গ্রেফতার ৫৩ বছরের ব্যক্তি
সেখ ওয়ারেশ আলী:খড়গপুর স্টেশনে জিআরপির তল্লাশি অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ টাকা এবং সোনা ও হীরের গয়না। ঘটনায় ৫৩ বছরের অনাদি বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে খড়গপুর জিআরপি। ধৃতের বাড়ি কলকাতার বাঁশদ্রোণী এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।জিআরপি সূত্রে খবর, সম্বলপুর থেকে হাওড়াগামী একটি ট্রেনে যাত্রা করছিলেন অনাদি বিশ্বাস। খড়গপুর স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় জিআরপি আধিকারিকরা তাঁকে আটক করেন। এরপর তল্লাশি চালাতেই সামনে আসে বিপুল পরিমাণ নগদ টাকা ও মূল্যবান সামগ্রী।পুলিশের দাবি, তল্লাশিতে মোট ৩১ লক্ষ ১০ হাজার টাকা নগদ, ৯৮.৫৪ গ্রাম খাঁটি সোনা, আরও ২৪.২ গ্রাম সোনার সামগ্রী এবং তিনটি হীরের আংটি উদ্ধার হয়েছে। সব মিলিয়ে প্রায় ১২৩ গ্রাম সোনার সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।এছাড়াও ধৃতের কাছ থেকে একটি অ্যাপল আইফোন, একটি নোকিয়া কী-প্যাড ফোন, একাধিক ফাইল এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করেছে খড়গপুর জিআরপি।এত বিপুল পরিমাণ নগদ টাকা এবং মূল্যবান সামগ্রী নিয়ে অনাদি বিশ্বাস কোথায় যাচ্ছিলেন, সেগুলির উৎস কী এবং কী উদ্দেশ্যে তিনি সেগুলি বহন করছিলেন—তা খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধার হওয়া নথিপত্রও তদন্তের আওতায় আনা হয়েছে।পাশাপাশি এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কি না, অথবা উদ্ধার হওয়া টাকা ও গয়নার সঙ্গে কোনও বেআইনি লেনদেনের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে খড়গপুর জিআরপি। ঘটনার পর খড়গপুর স্টেশনে রেল পুলিশের তৎপরতা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।