মেদিনীপুরে চোলাই মদের বিরুদ্ধে রুদ্রমূর্তি মহিলাদের!ভেঙে গুঁড়িয়ে দিলেন একাধিক ভাটি-গুমটি !

মেদিনীপুরে চোলাই মদের বিরুদ্ধে রুদ্রমূর্তি মহিলাদের!ভেঙে গুঁড়িয়ে দিলেন একাধিক ভাটি-গুমটি !

সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরের রাঙ্গামাটি এলাকায় দীর্ঘদিন ধরেই বেআইনি চোলাই মদের কারবার চলার অভিযোগ উঠছিল। বারবার পুলিশি অভিযান ও গ্রেফতার সত্ত্বেও পুরোপুরি বন্ধ করা যাচ্ছিল না এই অবৈধ ব্যবসা। মঙ্গলবার রাতে ফের অভিযান চালিয়ে দুই চোলাই মদ ব্যবসায়ীকে গ্রেফতার করে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ।

বুধবার তাঁদের আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।এরপরই বুধবার সকালে বেআইনি চোলাই মদের কারবার বন্ধের দাবিতে রাস্তায় নামেন রাঙ্গামাটি এলাকার স্থানীয় মহিলারা। অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ মদের কারবার চলায় পরিবেশ নষ্ট হচ্ছিল এবং সমস্যায় পড়ছিলেন সাধারণ মানুষ। ক্ষোভে একাধিক মদের ভাটি ও মদ বিক্রির গুমটি ভেঙে গুঁড়িয়ে দেন স্থানীয় মহিলারা।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি এলাকায় থাকা বেআইনি মদের ভাটি সরানোর কাজেও হাত লাগান পুলিশকর্মীরা।পরে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরাও। রেলের জমিতে অবৈধভাবে তৈরি মদের দোকান ও একাধিক গুমটি চিহ্নিত করে বুলডোজার দিয়ে সেগুলি ভেঙে ফেলা হয়।স্থানীয়দের এই উদ্যোগে কার্যত স্পষ্ট হয়েছে, এলাকায় বেআইনি চোলাই মদের কারবার নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ কতটা তীব্র। অবৈধ মদের ব্যবসা বন্ধ করতে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।