কলকাতায় ‘Members Art Photography Exhibition’, সমাজের নানা ছবি ধরা পড়ল আলোকচিত্রীদের ক্যামেরায়
নিজস্ব সংবাদদাতা : শিল্প ও আলোকচিত্রের মেলবন্ধনে কলকাতায় আয়োজিত হল ‘Members Art Photography Exhibition’। কলকাতার কালীঘাটের গ্যালারি গোল্ড লেকে আয়োজিত এই প্রদর্শনী 75তম বর্ষে পদার্পণ উপলক্ষে বিশেষ গুরুত্ব পেয়েছে।অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠ গদাধর আশ্রমের অধ্যক্ষ স্বামী মুক্তিকামানন্দ মহারাজ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সুব্রত সেন।এই প্রদর্শনীতে সমাজের বিভিন্ন বিষয়, মানুষের জীবনযাত্রা, প্রকৃতি ও চারপাশের নানা বাস্তব চিত্র আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরেছেন অংশগ্রহণকারী চিত্রগ্রাহকেরা। তাঁদের ক্যামেরায় বন্দি মুহূর্তগুলি শিল্পের দৃষ্টিকোণ থেকে দর্শকদের সামনে উপস্থাপিত হয়েছে। প্রতিটি ছবির মধ্য দিয়ে ফুটে উঠেছে আলোকচিত্রীদের নিজস্ব ভাবনা, পর্যবেক্ষণ ও সৃজনশীলতার পরিচয়।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 24 থেকে 26 নভেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর 3টে থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত দর্শকদের জন্য প্রদর্শনীটি খোলা থাকবে। শিল্পপ্রেমী, আলোকচিত্র অনুরাগী এবং সাধারণ দর্শকদের এই প্রদর্শনীতে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।আলোকচিত্র যে কেবল দৃশ্য ধারণের মাধ্যম নয়, বরং সমাজ ও সময়কে দেখার এক বিশেষ ভাষা—এই প্রদর্শনীতে সেই ভাবনাই প্রতিফলিত হয়েছে।