অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

‘সবলা মেলা’র নতুন নাম ‘গৌরী মেলা’, নারী ক্ষমতায়নের বার্তা নিয়ে রাজ্যে শুরু হল মেলা

‘সবলা মেলা’র নতুন নাম ‘গৌরী মেলা’, নারী ক্ষমতায়নের বার্তা নিয়ে রাজ্যে শুরু হল মেলা

নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের উদ্যোগে রাজ্যে শুরু হল ‘গৌরী মেলা’। এতদিন যে মেলা ‘সবলা মেলা’ নামে পরিচিত ছিল, এবার তার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘গৌরী মেলা’। নারীশক্তির মর্যাদা, স্বনির্ভরতা এবং অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যকে সামনে রেখেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে তিনি উপস্থিত মা-বোনেদের শুভেচ্ছা জানান এবং প্রবীণদের প্রতি শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ, শিল্প ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রী তাপস রায়, স্বাস্থ্যমন্ত্রী সারদ দত্ত মুখোপাধ্যায় এবং প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন ও ভূমি সংস্কার প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত, বিধায়ক পীযূষ কানোড়িয়া এবং স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের সচিব ডঃ অর্চনা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

মেলার নাম পরিবর্তনের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, মন্ত্রিসভার বৈঠকেই এই বিষয়ে প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। পরে সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে মেলার নতুন নামকরণ করা হয় ‘গৌরী মেলা’। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সবাই মিলে ঠিক করলাম, গৌরী নামে আমরা এবারের মেলার নামকরণ করব।” নারীশক্তির গুরুত্ব বোঝাতে তিনি আরও বলেন, “না জাগিলে ললনায় বিশ্ব জাগে না।”মা দুর্গার শক্তি ও নারীশক্তির প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী জানান, নারী সুরক্ষার ক্ষেত্রে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। পাশাপাশি মহিলাদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর ও ক্ষমতাশালী করে তোলার লক্ষ্যেও একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। নারী সুরক্ষা এবং অর্থনৈতিক ক্ষমতায়ন—এই দুই বিষয়কে সমান গুরুত্ব দিয়েই সরকার এগিয়ে চলেছে বলে তিনি উল্লেখ করেন।গৌরী মেলা আয়োজনের জন্য রাজ্যজুড়ে মোট 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। কলকাতা, নিউটাউন ও কোচবিহারে বড় পরিসরে এই মেলার আয়োজন করা হবে।

পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলাতেও অপেক্ষাকৃত ছোট পরিসরে মেলা অনুষ্ঠিত হবে। আগামী বছর থেকে ব্লক স্তরেও এই মেলার আয়োজন ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, নিউটাউনে আয়োজিত গৌরী মেলা চলবে 23 নভেম্বর থেকে 2 ডিসেম্বর পর্যন্ত। রাজ্যের বিভিন্ন প্রান্তের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের তৈরি সামগ্রী ও উদ্যোগকে বৃহত্তর বাজারের সঙ্গে যুক্ত করার পাশাপাশি মহিলাদের স্বনির্ভরতার পথ আরও সুগম করাই এই মেলার অন্যতম উদ্দেশ্য।