কেশপুর বাসস্ট্যান্ডে যান চলাচল স্বাভাবিক করতে সরানো হল দোকানপাট, উদ্বেগে ব্যবসায়ীরা
নিজস্ব সংবাদদাতা : বাসস্ট্যান্ডে যান চলাচল স্বাভাবিক রাখতে কেশপুরে দোকান সরানোর উদ্যোগ নিল ব্লক প্রশাসন। বুধবার সকাল থেকে বাসস্ট্যান্ড চত্বরের একাধিক হকার ও ব্যবসায়ী তাঁদের দোকান সরিয়ে নিতে শুরু করেন। প্রশাসনের নির্দেশ মেনে অধিকাংশ ব্যবসায়ী নিজেরাই দোকান সরিয়ে নিলেও কয়েকজনের অনীহা দেখা যায়। পরে পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকেরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন। এরপর তাঁরাও দোকান সরানোর কাজে এগিয়ে আসেন।

জানা গিয়েছে, কেশপুর বাসস্ট্যান্ড এলাকায় বাসের প্রবেশ ও বেরোনোর পথে দীর্ঘদিন ধরেই সমস্যা হচ্ছিল। বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দোকানপাট থাকায় বাস চলাচলে অসুবিধার অভিযোগ তুলছিলেন বাসচালক ও মালিকরা। এই সমস্যা সমাধানের দাবিতে তাঁরা একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে ব্লক প্রশাসনের দ্বারস্থ হন বাসমালিক ও চালক সংগঠনের প্রতিনিধিরা।তাঁদের অভিযোগ ও দাবি খতিয়ে দেখে বিডিও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাস চলাচলের ক্ষেত্রে তৈরি হওয়া সমস্যার কথা জানিয়ে দোকান সরিয়ে নেওয়ার বিষয়ে তাঁদের অবগত করা হয়। পরবর্তীতে মাইকিংয়ের মাধ্যমেও ব্যবসায়ীদের দোকান সরানোর কথা জানানো হয়।বুধবার সেই নির্দেশ কার্যকর হতে দেখা যায় বাসস্ট্যান্ড চত্বরে। সকাল থেকেই দোকানপাট সরানোর কাজ শুরু হয়। তবে এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন কয়েকজন ব্যবসায়ী। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ব্যবসা করেই সংসার চালিয়ে আসছেন তাঁরা। হঠাৎ দোকান সরিয়ে নিতে হলে তাঁদের বিকল্প জীবিকার ব্যবস্থা কী হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিডিও জানান, বাসমালিক ও চালক সংগঠনের পক্ষ থেকে বাসস্ট্যান্ডে বাসের যাতায়াতে অসুবিধার বিষয়টি জানানো হয়েছিল। সেই সমস্যার সমাধানে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে তাঁদের দোকান সরিয়ে নেওয়ার অনুরোধ করা হয়। সেই অনুযায়ী ব্যবসায়ীরা দোকান সরিয়ে নিয়েছেন। একদিকে বাস চলাচল স্বাভাবিক করার উদ্যোগ, অন্যদিকে দীর্ঘদিনের ব্যবসা হারানোর আশঙ্কা—প্রশাসনের এই পদক্ষেপকে ঘিরে কেশপুর বাসস্ট্যান্ড এলাকায় দুই ধরনের প্রতিক্রিয়া সামনে এসেছে।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরুতে বিলম্ব, শ্বেতপত্র প্রকাশের দাবিতে গণঅবস্থান
পশ্চিম মেদিনীপুর
16 বছরের নাবালিকাকে বিয়ে ও গর্ভবতী করার অভিযোগ, গ্রেফতার 26 বছরের যুবক
পশ্চিম মেদিনীপুর