বকেয়া বেতন ও পুজো বোনাসের দাবিতে খড়গপুরে মিড ডে মিল কর্মীদের ডেপুটেশন

বকেয়া বেতন ও পুজো বোনাসের দাবিতে খড়গপুরে মিড ডে মিল কর্মীদের ডেপুটেশন

অরিন্দম চক্রবর্তী:বকেয়া বেতন দ্রুত প্রদান, প্রতি মাসে নিয়মিত বেতন এবং শারদ উৎসবের বোনাসসহ একাধিক দাবিতে খড়গপুরে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়নের খড়গপুর শহর ইউনিট কমিটি। ১৬ সেপ্টেম্বর সিটু অনুমোদিত সংগঠনের উদ্যোগে খড়গপুর পৌরসভা প্রাঙ্গণে জমায়েত ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন মিড ডে মিল কর্মীরা।ডেপুটেশনকারীদের অভিযোগ, জেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রন্ধন কর্মীরা সারা বছর কাজ করলেও সরকারি নিয়মে মাত্র ১০ মাসের বেতন পান। ফলে সামান্য আয়ের উপর নির্ভরশীল কর্মীদের আর্থিক দুরবস্থা আরও বাড়ছে। তাঁদের দাবি, প্রতি মাসের বেতন প্রতি মাসেই দিতে হবে। পাশাপাশি পুজো, ঈদ বা অন্যান্য উৎসবে কোনও উৎসব ভাতা না পাওয়ায় শারদ উৎসবের আগে বোনাস দেওয়ার দাবিও জানানো হয়।এদিন সংগঠনের পক্ষ থেকে তিন মাসের বকেয়া বেতন দ্রুত মেটানো এবং চলতি বছরের শারদ উৎসবের বোনাসসহ বিভিন্ন দাবিতে খড়গপুর পৌরসভার চেয়ারপারসন কল্যাণী ঘোষের কাছে ডেপুটেশন দেওয়া হয়। চেয়ারপারসন দাবিগুলি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন বলে জানান ডেপুটেশনকারীরা।কর্মসূচিতে খড়গপুর শহরের ১৪টি বিদ্যালয়ের মিড ডে মিল কর্মীদের প্রতিনিধিরা অংশ নেন।