আবর্জনায় ঢেকেছে মেদিনীপুর শহর! মাথায় নোংরার বালতি নিয়ে পৌরসভায় যুব কংগ্রেসের অভিনব বিক্ষোভ

আবর্জনায় ঢেকেছে মেদিনীপুর শহর! মাথায় নোংরার বালতি নিয়ে পৌরসভায় যুব কংগ্রেসের অভিনব বিক্ষোভ

সেখ ওয়ারেশ আলী : শহরজুড়ে জমে থাকা নোংরা-আবর্জনা নিয়ে এবার সরব হল যুব কংগ্রেস। মেদিনীপুর পৌরসভার সাফাই কর্মীদের টানা কর্মবিরতির জেরে কার্যত আবর্জনার স্তূপে ঢেকে যাচ্ছে শহরের ২৫টি ওয়ার্ডের বিভিন্ন এলাকা। রাস্তার ধারে, নালা-নর্দমা থেকে শুরু করে বিভিন্ন ভ্যাটে জমে রয়েছে আবর্জনার পাহাড়। দীর্ঘদিন ধরে পড়ে থাকা সেই নোংরা থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। চরম সমস্যায় পড়েছেন সাধারণ শহরবাসী।সাফাই পরিষেবা ব্যাহত হওয়ায় শহরের একাধিক প্রান্তে পরিবেশ দূষণের পাশাপাশি রোগজীবাণু ছড়ানোর আশঙ্কাও তৈরি হয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে মেদিনীপুর পৌরসভায় বিক্ষোভ কর্মসূচি পালন করল যুব কংগ্রেস।

এদিনের প্রতিবাদের বিশেষ আকর্ষণ ছিল অভিনব কায়দায় বিক্ষোভ। মাথায় করে নোংরা-আবর্জনায় ভর্তি বালতি নিয়ে পৌরসভা চত্বরে পৌঁছন যুব কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। শহরের বেহাল সাফাই ব্যবস্থার প্রতিবাদে তাঁরা পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হন।বিক্ষোভকারীদের অভিযোগ, দিনের পর দিন শহরের সাফাই পরিষেবা কার্যত অচল হয়ে পড়লেও পরিস্থিতি স্বাভাবিক করতে পৌরসভার তরফে পর্যাপ্ত ও কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। এর জেরে দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ।শহরবাসীর সমস্যার কথা তুলে ধরে বিক্ষোভে নেতৃত্ব দেন যুব কংগ্রেস নেতা সঞ্জীব সিট, শুভাশিস পণ্ডা-সহ অন্যান্য নেতাকর্মীরা।বিক্ষোভকারীদের বক্তব্য, সাধারণ মানুষের করের টাকায় পরিচালিত পৌরসভা যদি নাগরিকদের ন্যূনতম পরিষেবাটুকুও দিতে ব্যর্থ হয়, তাহলে তার জবাবদিহি পৌর কর্তৃপক্ষকেই করতে হবে।এদিনের বিক্ষোভ থেকে মেদিনীপুর পৌরসভাকে কড়া হুঁশিয়ারি দেয় যুব কংগ্রেস নেতৃত্ব। তাঁদের দাবি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে শহরের বিভিন্ন এলাকায় জমে থাকা সমস্ত আবর্জনা পরিষ্কার করে সাফাই পরিষেবা স্বাভাবিক করতে হবে।যুব কংগ্রেসের হুঁশিয়ারি, নির্দিষ্ট সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে। পাশাপাশি মেদিনীপুর পৌরসভায় তালা ঝুলিয়ে দেওয়ারও হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।সাফাই কর্মীদের কর্মবিরতির জেরে যখন আবর্জনার সমস্যায় কার্যত নাজেহাল মেদিনীপুর শহর, তখন মাথায় আবর্জনার বালতি নিয়ে যুব কংগ্রেসের এই অভিনব প্রতিবাদ ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য।এখন শহরবাসীর একটাই প্রশ্ন—কবে স্বাভাবিক হবে মেদিনীপুরের সাফাই পরিষেবা? কবে রাস্তা, নালা-নর্দমা ও বিভিন্ন ভ্যাট থেকে সরবে জমে থাকা আবর্জনার স্তূপ? দ্রুত এই সমস্যার সমাধান করে শহরবাসীকে দুর্ভোগ থেকে মুক্তি দিতে পৌরসভার ভূমিকা কী হয়, এখন সেদিকেই তাকিয়ে মেদিনীপুরবাসী।