মেদিনীপুরে তিরঙ্গার ঢেউ, দেশপ্রেমের বার্তায় বর্ণাঢ্য ‘হর ঘর তিরঙ্গা’ যাত্রা!
সেখ ওয়ারেশ আলী : ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে বৃহস্পতিবার বিকেলে দেশাত্মবোধ ও জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য ‘হর ঘর তিরঙ্গা’ শোভাযাত্রা। জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা ও সম্মান আরও সুদৃঢ় করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগিয়ে তোলাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।মেদিনীপুর বিধানসভার বিধায়ক ড. শঙ্কর কুমার গুছাইতের উদ্যোগে শহরের আয়োজিত হয় এই তিরঙ্গা যাত্রা। কর্মসূচিতে শহরের কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।

বিধায়কের পাশাপাশি প্রাক্তন সেনাকর্মী, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী, চিকিৎসক, শিক্ষক-সহ বিভিন্ন পেশার মানুষ জাতীয় পতাকা হাতে নিয়ে পদযাত্রায় সামিল হন।মেদিনীপুর কলেজ মাঠ থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা গোলকুঁয়া, বটতলা, কেরানিতলা ও এলআইসি মোড় হয়ে ফের কলেজ মাঠে এসে শেষ হয়। যাত্রাপথে বিভিন্ন জায়গায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।

তেরঙ্গা হাতে দেশাত্মবোধক স্লোগান ও গানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।এদিনের কর্মসূচিতে দেশের স্বাধীনতা সংগ্রামের বীরদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু, শহীদ মাতঙ্গিনী হাজরা এবং শহীদ ক্ষুদিরাম বসুর আত্মত্যাগের কথা তুলে ধরা হয়।

পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুকে যারা অসম্মান করেছেন, তাঁদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি বিধায়ক ড. শঙ্কর কুমার গুছাইত।এদিন মেদিনীপুর শহরে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে একটি ‘সেবা কেন্দ্র’ গড়ে তোলার ঘোষণাও করেন বিধায়ক। সব মিলিয়ে স্বাধীনতা দিবসের প্রাক্কালে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে ঘিরে মেদিনীপুর শহরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। দেশপ্রেম, জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা এবং ঐক্যের বার্তায় এই তিরঙ্গা যাত্রা হয়ে ওঠে শহরের অন্যতম আকর্ষণ।