বেলদা হাসপাতালে বিধায়কের ‘ফুড টেস্ট’, নিজেই খেলেন রোগীদের খাবার

বেলদা হাসপাতালে বিধায়কের ‘ফুড টেস্ট’, নিজেই খেলেন রোগীদের খাবার

নিজস্ব সংবাদদাতা:হাসপাতালে চিকিৎসার পাশাপাশি রোগীদের জন্য বরাদ্দ খাবারের গুণগত মান নিয়েও কড়া নজরদারি। সোমবার রাতে আচমকাই পশ্চিম মেদিনীপুরের বেলদা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পরিদর্শনে গেলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক রমাপ্রসাদ গিরি। পরিদর্শনের সময় রোগীদের জন্য রান্না করা খাবার নিজে খেয়ে তার মান পরীক্ষা করেন তিনি।জানা গিয়েছে, হাসপাতালে পৌঁছে বিভিন্ন পরিষেবা খতিয়ে দেখার পাশাপাশি ক্যান্টিনে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের গুণগত মান সম্পর্কে খোঁজ নেন বিধায়ক। খাবারের স্বাদ ও মান নিয়ে সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গেও কথা বলেন তিনি।বিধায়ক হাসপাতালের চিকিৎসক ও নার্সদের পরামর্শ দেন, রোগীদের মধ্যে খাবার পরিবেশনের আগে ডিউটিতে থাকা চিকিৎসক অথবা নার্সরা যেন নিজেরা খাবারটি খেয়ে গুণগত মান যাচাই করে নেন। এরপরই রোগীদের খাবার পরিবেশন করার কথা বলেন তিনি।হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসার পাশাপাশি তাঁদের পুষ্টিকর ও মানসম্মত খাবার নিশ্চিত করার উপরও জোর দেন বিধায়ক। তাঁর এই আকস্মিক পরিদর্শন ঘিরে হাসপাতাল চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্থানীয়দের একাংশের মতে, জনপ্রতিনিধির এ ধরনের সরেজমিন নজরদারি হাসপাতালের পরিষেবার মান আরও উন্নত করতে সহায়ক হতে পারে। রোগীদের চিকিৎসা, পরিষেবা এবং খাবারের গুণগত মান নিয়ে আগামী দিনেও নজরদারি অব্যাহত থাকবে বলে জানা গিয়েছে।