৩৪০ দাবাড়ুর বুদ্ধির লড়াই, মেদিনীপুরে জমজমাট এমএলএ কাপ দাবা প্রতিযোগিতা!
সেখ ওয়ারেশ আলী : শুক্রবার মেদিনীপুর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হল জমজমাট এমএলএ কাপ দাবা প্রতিযোগিতা। ৩৪০ জন দাবাড়ুর অংশগ্রহণে প্রতিযোগিতাকে ঘিরে দিনভর তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছোট-বড় নানা বয়সের দাবাড়ুরা অংশ নেন এই বুদ্ধির লড়াইয়ে।জেলাশাসক বিজিন কৃষ্ণা প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

মেদিনীপুরের বিধায়ক শঙ্কর কুমার গুছাইত ও জেলাশাসক দাবার বোর্ডে চাল দিয়ে প্রতিযোগিতার সূচনা করেন।প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দাবাড়ুদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। নতুন প্রজন্মের প্রতিভাবান দাবাড়ুদের নিজেদের দক্ষতা তুলে ধরার পাশাপাশি এই ধরনের আয়োজনের মাধ্যমে দাবার প্রতি আগ্রহ আরও বাড়বে বলে মনে করেন বিধায়ক শঙ্কর কুমার গুছাইত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়বেতার বিধায়ক প্রদীপ লোধা, বিজেপির জেলা সভাপতি সৌমেন তেওয়ারি, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর সরঙ্গী-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।প্রতিযোগিতার শেষে বিকেলে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া এবং পুলিশ সুপার পাপিয়া সুলতানা-র।

৩৪০ জন দাবাড়ুর অংশগ্রহণে মেদিনীপুর স্পোর্টস কমপ্লেক্সে এমএলএ কাপ দাবা প্রতিযোগিতা তাই শুধু প্রতিযোগিতার মঞ্চেই সীমাবদ্ধ থাকেনি, বরং দাবার প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়ানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ উদ্যোগ হয়ে উঠেছে।