বন্যার জলে ডিঙি চালিয়ে বাড়ি বাড়ি ত্রাণ, ঘাটালে জলবন্দি মানুষের পাশে বিধায়ক শীতল কপাট
সুমন মণ্ডল: বন্যার জলে জলমগ্ন ঘাটাল। এই পরিস্থিতিতে নিজেই ডিঙি চালিয়ে কর্মীদের সঙ্গে নিয়ে জলবন্দি মানুষের বাড়ি বাড়ি পৌঁছে ত্রাণসামগ্রী বিতরণ করলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট।ঘাটাল পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্দীপুর এবং ১০ নম্বর ওয়ার্ডের গড়প্রতাপনগর এলাকায় ডিঙি নিয়ে পৌঁছন বিধায়ক। বানভাসি মানুষের হাতে ত্রিপল-সহ বিভিন্ন ত্রাণসামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের সঙ্গে কথা বলে সমস্যার কথাও শোনেন তিনি।জলবন্দি অবস্থায় বিধায়ককে নিজেদের কাছে পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা। দুর্যোগের সময় বাড়ির দোরগোড়ায় ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্যোগে কিছুটা স্বস্তি ফিরেছে বন্যাদুর্গত পরিবারগুলির মধ্যে।