ঘাটালে ফিল্মি কায়দায় নদীতে নেমে ধাওয়া,চোলাই কারবারি গ্রেপ্তার,উদ্ধার ৯০০ লিটার মদ
নিজস্ব সংবাদদাতা:চোলাই মদের কারবার রুখতে এবার যেন একেবারে সিনেমার দৃশ্য! গোপন সূত্রে খবর পেয়ে অভিনব কায়দায় অভিযান চালিয়ে এক চোলাই মদ কারবারিকে গ্রেপ্তার করল আবগারি দপ্তর। অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৯০০ লিটার চোলাই মদ। পাশাপাশি পাচারের কাজে ব্যবহৃত একটি সাইকেলও বাজেয়াপ্ত করা হয়েছে।জানা গিয়েছে, বুধবার সকালে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের মনসুকা গ্রাম পঞ্চায়েতের ফতেপুর এলাকায় ঝুমি নদীর পাড়ে চোলাই মদের কারবারের খবর পেয়ে বুধবার ভোরে ছদ্মবেশে এক নাটকীয় অভিযান চালায় ঘাটাল আবগারি দপ্তর। কারবারিরা যাতে আগেভাগে অভিযানের আঁচ না পায়, সেজন্য আধিকারিকরা কৃষকের বেশে এলাকায় পৌঁছন। কারও পরনে ছিল লুঙ্গি, কারও মাথায় গামছা।অভিযানের সময় আবগারি দপ্তরের কর্মীদের উপস্থিতি টের পেয়েই চোলাই পাচারকারীরা সাইকেলে থাকা ব্যাগভর্তি মদ ফেলে রেখে নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতরে পালানোর চেষ্টা করে।পিছন থেকে তাকে ধাওয়া করেন আবগারি দপ্তরের কর্মীরা। বেশ কিছুটা পথ ধাওয়া করার পর শেষ পর্যন্ত জলাশয়ের মধ্যেই ওই ব্যক্তিকে ধরে ফেলতে সক্ষম হন আধিকারিকরা।এরপর তার কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ চোলাই মদ। সব মিলিয়ে প্রায় ৯০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে বলে আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে। মদ পাচারের কাজে ব্যবহৃত একটি সাইকেলও বাজেয়াপ্ত করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে আবগারি দপ্তর।চোলাই মদের অবৈধ কারবারের বিরুদ্ধে আগামী দিনেও অভিযান জারি থাকবে বলে আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে।