Skip to content

নেশামুক্তি কেন্দ্রে রহস্যমৃত্যু! ২৫ বছরের যুবকের দেহ ঘিরে উত্তাল মেদিনীপুর!

সেখ ওয়ারেশ আলী : মঙ্গলবার সকালে মেদিনীপুর শহরে জজকোর্ট এলাকার এক নেশামুক্তি কেন্দ্রে ২৫ বছরের এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত যুবকের নাম আকাশ দোলই। তাঁর বাড়ি শহরের ধর্মা এলাকায়।পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২৪ মার্চ জজ কোর্ট এলাকার একটি নেশামুক্তি কেন্দ্রে আকাশকে ভর্তি করা হয়। পরিবারের দাবি, আকাশ শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ছিল, তবে নেশার কবল থেকে তাকে মুক্ত করতে এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

মৃতের মা খুকুমণি দেবীর অভিযোগ, মঙ্গলবার সকালে হঠাৎই কেন্দ্রের তরফ থেকে ফোন করে জানানো হয়, আকাশ অসুস্থ হয়ে পড়েছে। পরে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।এই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়ে পরিবার। তাঁদের অভিযোগ, আকাশের মৃত্যুর পেছনে রহস্য রয়েছে।

পরিবারের সন্দেহ, তাকে কোনও কিছু খাওয়ানো হয়েছে বা শারীরিক নির্যাতন করা হয়েছে, যার জেরেই এই মর্মান্তিক পরিণতি। এমনকি, এর আগেও ওই নেশামুক্তি কেন্দ্রে মৃত্যুর ঘটনা ঘটেছে বলেও দাবি পরিবারের।ঘটনার খবর পেয়ে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়ায় পরিবার ও পুলিশের মধ্যে বচসাও হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নেশামুক্তি কেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিওগ্রাফির মাধ্যমে আকাশ দোলইয়ের ময়নাতদন্ত করা হবে।ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি বাড়ছে প্রশ্ন—নিরাপত্তা কতটা সুনিশ্চিত এই ধরনের কেন্দ্রে?

Latest